ইমফল, ২৯ জুলাই (হি.স.) : রাজ্যে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজ্যের প্রথম নিহত ব্যক্তি মূলত ক্ৰনিক কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি ইমফলের দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এ চিকিৎসাধীন ছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই খবর জানানো হলেও নিহত ব্যক্তির পরিচয় খোলসা করা হয়নি।
গতকাল মঙ্গলবার মণিপুরে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এঁদের নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২,৩১৭-য় পৌঁছেছে। এখন পর্যন্ত ৭০২ জন সক্ৰিয় কোভিড রোগী রয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৬ জন আরোগ্য লাভ করেছেন বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। আরোগ্যের হার ৬৯.৭০ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।
প্রসঙ্গত, মণিপুরে ক্রমবর্ধমান করোনা সংক্ৰমণের সঙ্গে লড়াই করতে রাজ্যবাসীকে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
উল্লেখ্য, করোনা অতিমারির প্রকোপ মোকাবিলায় গত ২৩ জুলাই থেকে প্রথমে সাত দিন এবং প্রয়োজনে আরও সাত দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ প্রথম দফার লকডাউনের শেষ দিন। পরিস্থিতি পর্যালোচনা করতে স্বাস্থ্য দফতর, শীর্ষ সাধারণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীগণ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা।

