নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে তেলিয়ামুড়ায় এবিভিপির থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জুলাই৷৷ নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বাকি ২ আসামির গ্রেপ্তারের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া ইউনিট জাতীয় সড়ক অবরোধ এবং থানা ঘেরাওয়ে সামিল হয়েছে৷


গণধর্ষণের শিকার হয়েছিল তেলিয়ামুড়া মহাকুমার ১৭ বছরের নাবালিকা ছাত্রী৷ ঘটনার তিন দিনের মাথায় ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তারে সক্ষম হলেও বাকি দুই অভিযুক্ত এখনো অধরা৷ এরই প্রতিবাদ জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া ইউনিট জাতীয় সড়ক অবরোধ এবং থানা ঘেরাও করে৷ এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এসডিপিও ভি জগদীশ্বর রেড্ডি৷ তিনি সংগঠনের সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করেন৷ যদিও সামাজিক দূরত্ব না মেনে থানার সামনে পথ অবরোধে বসে যায় সমর্থকরা৷ পরবর্তী সময়ে একটি প্রতিনিধিদল এসডিপিওর সাথে কথা বলতে চাইলে পথ অবরোধ তুলে নেয়া হয়৷