নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ টি পি এস সি’র মাধ্যমে জুনিয়র স্টেনোগ্রাফার পার্সনাল অ্যাসিস্টেন্ট গ্রেড-টুর ১০০টি শূন্যপদ পূরণ করার জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ তিনি জানান, এই পদে মোট অনুমোদিত পদ রয়েছে ৩৯৬টি৷ তারমধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ২২৯টি পদ খালি ছিল৷ ইতিমধ্যেই টি পি এস সি’র মাধ্যমে ৫০টি পদে লোক নিয়োগ করা হয়েছে৷ বর্তমানে আরও ১০০টি পদে লোক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, কোভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে টি পি এস সি ও অন্যান্য দপ্তর বিভিন্ন পদে লোক নিয়োগ করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নিতে পারছেনা৷ এই অবস্থায় অনেক চাকুরী প্রার্থীর বয়সের সীমা পেরিয়ে যাচ্ছে৷ এই বিষয়টি বিবেচনা করে চাকুরীপ্রার্থীদের বয়সের উর্ধসীমা ১ বছর বাড়ানোর জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তবে শুধু একবারের জন্য বয়সের উর্ধসীমাতে এই ছাড় দেওয়া হবে৷ এক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে চাকুরী প্রার্থীরা যেসব পদের জন্য আবেদন করবেন, শুধু সেগুলিতেই এই সুুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
2020-07-01

