রাজ্যে সুস্থ হওয়ার হার ৬৩.৮৪ শতাংশ, জাতীয় গড় থেকে অনেক এগিয়ে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সুস্থ হওয়ার হারও পাল্লা দিয়ে বেড়ে চলেছে৷ রাজ্যে বর্তমানে করোনা আক্রান্ত সুস্থ হওয়ার হার ৬৩.৮৪ শতাংশ৷ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন শিক্ষা তথা আইন মন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, গতকাল ত্রিপুরায় ৩৫ জন করোনা আক্রান্তের অধিকাংশই বাংলাদেশ থেকে ফিরেছেন৷


ত্রিপুরায় গত ১৮ এবং ১৯ জুন বাংলাদেশ থেকে রাজ্যের নাগরিক ফিরেছেন৷ ২৮৮ জন ফেরার সূচি স্থির হয়েছিল৷ কিন্তু দুদিনে ২৪৬ জন ত্রিপুরার নাগরিক ফিরেছেন৷ গত ১৮ জুন ১২২ জন ত্রিপুরার নাগরিক ফিরেছেন৷ তাদের মধ্যে ৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তেমনি, গত ১৯ জুন ১২৪ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷ তাঁদের মধ্যে ৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এদিকে, ওই সংক্রমিতদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ১৫ জন, সিপাহিজলা জেলার ৬ জন, গোমতি জেলার ২ জন, দক্ষিণ জেলার ২ জন, খোয়াই জেলার ১ জন, ধলাই জেলার ১ জন, ঊনকোটি জেলার ২ জন এবং উত্তর ত্রিপুরা জেলার ১ জন রয়েছেন৷


মন্ত্রী রতনলাল নাথ আজ জানিয়েছেন, বর্তমানে ত্রিপুরায় ৪৩৭ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন৷ তবে, ৭৮২ জন রোগী সুস্থ হয়েছেন৷ তাঁর কথায়, আজ ২৩ জন সুস্থ হয়েছেন৷ তাঁদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসায় ছুটি দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী এদিন দাবি করেন, ত্রিপুরায় সুস্থ হওয়ার হার প্রতিদিন বেড়ে চলেছে৷ আক্রান্ত হচ্ছেন ঠিকই, কিন্তু মৃত্যুকে এখন পর্যন্ত ঠেকাতে পেরেছেন স্বাস্থ্য কর্মীরা৷ বরং, তাঁদের অক্লান্ত পরিশ্রমে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন৷

এক তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ৯ জুন সুস্থ হওয়ার হার ছিল ২২.৮৩ শতাংশ৷ তেমনি, ক্রমশ বেড়ে ১৫ জুন ৪০.১৩ শতাংশ, ২০ জুন ৫৭.৫৩ শতাংশ এবং ২২ জুন ৬৩.৮৪ শতাংশ হয়েছে৷ তিনি জোর গলায় বলেন, জাতীয় গড়ের তুলনায় সুস্থ হওয়ার হার ত্রিপুরায় অনেক বেশি৷ জাতীয় গড় ৫৩ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, সুস্থ হওয়ার হারের দিক দিয়ে ত্রিপুরা থেকে এগিয়ে রয়েছে ৭টি রাজ্য৷ শুধু তা-ই নয়, নমুনা পরীক্ষার ক্ষেত্রেও জাতীয় গড় থেকে অনেক এগিয়ে রয়েছে ত্রিপুরা৷ তাঁর কথায়, নমুনা পরীক্ষায় জাতীয় গড় প্রতি লক্ষে ৪.৩০৫ এবং ত্রিপুরায় ১৪,০১৩৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, গতকাল করোনা আক্রান্তদের অধিকাংশই বাংলাদেশ থেকে ফিরেছেন৷ তাছাড়া, সম্প্রতি চেন্নাই সহ বিভিন্ন রাজ্য থেকে অনেকে বিমানে ত্রিপুরায় ফিরছেন৷ ফলে, তাদের মধ্যে কয়েকজনের দেহে করোনা-র সংক্রমণ মিলছে৷