ধর্ষিতা মানসিক ভারসাম্যহীন নাবালিকা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ নারীর উপর অত্যাচার থামছেই না৷ আবারও ত্রিপুরায় ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এবার মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় কলঙ্কিত করেছে সভ্য সমাজকে৷


ঊনকোটি জেলার কৈলাসহরের ইন্দ্রনগর এলাকায় মানসিক ভারসাম্যহীন দিব্যাঙ্গ এক নাবালিকার সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷ এই ঘটনায় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে কৈলাসহর মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ বিষয়টি কৈলাসহর চাইল্ড লাইনের নজরেও আনা হয়েছে৷


চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ এবং চাইল্ড লাইনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷ এ-ধরনের নারকীয় ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে ধর্ষণের মতো ঘটনা এলাকাবাসী কোনওভাবেই মেনে নিতে চাইছেন না৷ অভিযুক্তের সবর্োচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷


পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ অপরাধীকে পুলিশ খুঁজছে৷ খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশের জালে উঠবে বলে দাবি করা হচ্ছে৷