গুয়াহাটি, ৬ জুন (হি.স.) : স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা অনুযায়ী দ্রুত বাড়ছে কোভিড আক্ৰান্তের সংখ্যা। আজ সকালের হিসাবে ২৪ ঘণ্টায় নয়া ২০৯টি সংক্রমিতের তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু ফের নতুন ৭৩টি পজিটিভ মামলা এসেছে বলে শনিবার সন্ধ্যারাত ৬:৫৫ মিনিটের টুইট আপডেটে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানান, এই সংখ্যা নিয়ে অসমে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন মোট ২৩৯৭ জন।
নতুন ৭৩ জনের মধ্যে ধুবড়ি জেলার ২১, ডিমা হাসাও জেলার ১২, গোয়ালপাড়ার ৬, হাইলাকান্দির ৫, কামরূপের ৫, বিমানবন্দরের ৪, পশ্চিম কারবি আংলঙের ৪, গোলাঘাটের ৪, ধেমাজির ৩, কাছাড়ের ২ এবং গুয়াহাটির মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতাল, রাঙাপাড়া, কারবি আংলং, নগাঁও, চড়াইদেও, করিমগঞ্জ ও শিবসাগরের এক জন করে বাসিন্দা। সঙ্গে তিনি এ-ও জানান, অসমে এ পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত চারজনের মৃত্যুর বিপরীতে আরোগ্য লাভ করেছেন ৫৪৭ জন। সক্ৰিয় কোভিড রোগী ১৮৪৩ জনের চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালের কোভিড সেলে।
প্রসঙ্গত, শনিবার বেলা ১১.৩৫ মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর টুইট আপডেটে ৮১ জনের সোয়াব পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানিয়েছিলেন। নয়া আক্রান্তদের মধ্যে ৪০ জন হোজাই, ৯ ধেমাজি, ৭ জন বরপেটা, ৭ জন নগাঁও, ৪ জন বিশ্বনাথ, ৪ জন বিমানবন্দর, ৩ জন শোণিতপুর, ২ জন কারবি আংলং, ২ জন তিনসুকিয়া, ১ জন মরিগাঁও. ১ জন ডিব্রুগড় এবং ১ জন লখিমপুর জেলার বাসিন্দা।
উল্লেখ্য, গতকাল একদিনে ১২৮ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের পজিটিভ রেজাল্ট এসেছিল। গতকাল রাত ১১.০৫ মিনিটে দিনের শেষ টুইটে মন্ত্রী ড. শর্মা জানিয়েছিলেন আরও ৯০ জনের শরীরে করোনা-হামলা করেছে। তাঁরা ধুবড়ির ৩৭, ডিমা হাসাওয়ের ১৫, করিমগঞ্জের ৭, কাছাড়ের ৭, বাকসার ৭, হাইলাকান্দির ৬, ওদালগুড়ির ৩, দক্ষিণ শালমারার ২, ধেমাজির ২ এবং ১ জন করে নলবাড়ি, বরপেটা, বঙাইগাঁও এবং চিরাং জেলার বাসিন্দা। এর আগে এদিন আরও ৩৮ জন আক্রান্তের তালিকা প্রকাশ করেছিলেন মন্ত্রী। ওই ৩৮ জনের মধ্যে ১৩ জন দরং, ৯ জন ডিমা হাসাও, ৭ জন শোণিতপুর, ২ জন হাইলাকান্দি এবং ২ জন করিমগঞ্জ জেলার বাসিন্দা।
