নয়াদিল্লি, ১ জুন (হি. স.): ভারতীয় সীমান্তে চিনা সেনার বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে সরব হল কংগ্রেস।ভারতের অখন্ডতা ও নিরাপত্তা নিয়ে কোনও প্রকারের আপস মেনে নেওয়া হবে না। সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা। জাতীয় নিরাপত্তা নিয়ে কেন্দ্রের উচিত দেশবাসীর বিশ্বাস অর্জন করে এই সমস্যার সমাধান করা। এই পরিস্থিতিতে সরকারের কি রণনীতি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারে জানতে চেয়েছে কংগ্রেস।
সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, লাদাখ এবং সিকিমের তিনটি জায়গায় চিনা সেনার অনুপ্রবেশের খবর সংবাদের শিরোনামে এসেছে। লাদাখে গলবন নদী, পেগাং ঝিলের কাছে চলে এসেছে চিনা সেনা।প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এতে করে ডেরবুক- শোক – ডিবিও রোড বিপদের মুখে পড়বে। কৌশলগত দিক দিয়ে ভারতীয় সেনার কাছে এই অঞ্চল এবং কারাকোরাম পাস খুবই গুরুত্বপূর্ণ।এর জন্যই চিনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভারতীয় সেনা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে সমস্ত কিছু জানানো উচিত কেন্দ্রের। চিনা সেনা কি ভারতীয় সীমান্তে ঢুকে নিজেদের শিবির তৈরি করেছে, সড়ক তৈরি করেছে।এ বিষয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট হওয়াতে একান্তভাবে প্রয়োজন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত বিষয়টি নিয়ে দেশবাসীকে অবগত করা।

