নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ রাজধানী আগরতলা শহরের মিলন চক্র এলাকায় অনিমা চক্রবর্তী হত্যাকান্ডে জড়িত তার স্বামী গৌতম চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পশ্চিম প্রতাপগড় এলাকার স্টিল ব্রিজ এর কাছে একটি গাছের নিচে ঘুমিয়ে ছিল গৌতম চক্রবর্তী৷
সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ তার বিরুদ্ধে হত্যা মামলা গৃহীত হয়েছে৷ উল্লেখ্য পারিবারিক কলহের জেরে গত শুক্রবার রাতে ভাড়া বাড়িতে গৌতম চক্রবর্তী তাঁর স্ত্রী অনিমা চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে৷
নিহতের তাদের পড়ুয়া এক পুত্র রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে অরুন্ধতী নগর থানা এলাকার মিলন চক্র এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্ত খুনি স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

