হাফলং (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : লকডাউনের মধ্যেই রবিবার হারাঙ্গাজাও থানা ঘেরাও করে অপহৃত ঠিকাদার সন্তোষ হোজাইকে উদ্ধারের দাবি জানান শতাধিক পুরুষ মহিলা। ভেঙে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন শীর্ষ নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরণের ৪৮ ঘণ্ট পেরিয়ে গেলেও হারাঙ্গাজাও বা জেলা পুলিশ সন্তোষ হোজাইকে এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি।
লকডাউনের মধ্যে চারিদিকে যখন নিরাপত্তা ব্যবস্থা কঠোর, এমন-কি বাইরে থেকে ডিমা হাসাও জেলায় প্রবেশের সব রাস্তায় মোতায়েন করা পুলিশের কড়া প্রহরা। সেই সময় একটি বলেরো গাড়িতে করে পাঁচ জনের দুষ্কৃতকারীর দল কীভাবে সন্তোষ হোজাইকে অপহরণ করে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে এ নিয়ে রহস্যের দানা বাঁধছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডিহাওর গ্রাম থেকে ভেঙে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে বন্দুকের নলের মুখে পাঁচ জনের দুষ্কৃতী দল তুলে নিয়ে যায়। তার পর থেকে এখন পর্যন্ত কোনও সন্ধান নেই সন্তোষ হোজাইয়ের। ইতিমধ্যে অপহৃত সন্তোষ হোজাইয়ের স্ত্রী জয়ন্তা হোজাই হারাঙ্গাজাও থানায় এক এজাহার দায়ের করলেও পুলিশ এতে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে রবিবার অপহৃত সন্তোষ হোজাইকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে শতাধিক পুরুষ মহিলা হারাঙ্গাজাও থানা ঘেরাও করেন। তাঁরা ওসি অংশু রাজকুমারের কাছে সন্তোষ হোজাইকে অবিলম্বে উদ্ধারের দাবি জানানোর পাশাপাশি লকডাউনের সময় পুলিশের কড়া প্রহরার মধ্যে কী ভাবে তিনি অপহৃত হলেন এ নিয়ে হারাঙ্গাজাও থানার ওসিকে জবাবদিহি করেন স্থানীয় বাসিন্দারা।
ওসি অংশু রাজকুমার স্থানীয় বাসিন্দাদের শান্ত করে বলেন, পুলিশ সন্তোষ হোজাইকে উদ্ধারের সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এমন-কি ডিমা হাসাও জেলার সব কয়টি পুলিশ থানাকে এ সম্পর্কে ম্যাসেজ পাঠানো হয়েছে, জানান হারাঙ্গাজাও থানার ওসি।
এদিকে সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই তাঁর স্বামীকে খোঁজে বের করতে জেলার সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এবার ডিমাসাদের সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন এবং অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেছেন। সন্তোষ হোজাইয়ের স্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, লকডাউনের সময় গাড়ি নিয়ে চলাফেরা করা বা এক সঙ্গে পাঁচজন ঘোরাফেরার উপর যখন নিষেধাজ্ঞা রয়েছে, তখন এই অবস্থায় নিরাপত্তা বাহিনী বা পুলিশই তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন সন্তোষ হোজাইয়ের স্ত্রী জয়ন্তা হোজাই।
অন্যদিকে যত সময় যাচ্ছে সন্তোষ হোজাইয়ের অপহরণ নিয়ে রহস্য ঘন হচ্ছে। তাছাড়া ভেঙে দেওয়া ডিএইচডি জঙ্গি সংগঠনের প্রাক্তন অধ্যক্ষ তথা হালালি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা, প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইয়ের অপহরণজনিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রাক্তন এই জঙ্গি নেতাকে উদ্ধার করার জন্য ডিমা হাসাও জেলার পুলিশ সুপার বীরবিক্রম গগৈকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

