লকডাউন : আগরতলার দুই বেসরকারি হাসপাতালে বিনামূল্যে বহির্বিভাগ চিকিৎসা পরিষেবা দিতে বলল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রাজ্যের প্রধান রেফারাল জিবি হাসপাতাল এখন করোনা আক্রান্তের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে৷ তাই হাসপাতালের বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ এতে অন্য রোগীদের সুবিধার কথা মাথায় রেখে আগরতলার বেসরকারি হাসপাতাল আইএলএস এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে লকডাউন চলাকালীন বহির্বিভাগ চালু করার জন্য বলেছে ত্রিপুরা সরকার৷ শুধু তা-ই নয়, ওই দুই হাসপাতালে বহির্বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বলেছে ত্রিপুরা সরকার৷ আগামীকাল থেকেই ওই পরিষেবা শুরু হচ্ছে৷ এতে ত্রিপুরাবাসী বড় স্বস্তি পেয়েছে বলে মনে করা হচ্ছে৷


এ-বিষয়ে আইনমন্ত্রী রতনলাল নাথ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে৷ তাতে জিবি হাসপাতালে বহির্বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় রোগীর সমস্যা হচ্ছে তা নিয়ে পর্যালোচনা হয়েছে৷ তিনি বলেন, জিবি হাসপাতাল করোনা আক্রান্তের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে৷ তাই, সেখানে বহির্বিভাগ বন্ধ করা হয়েছে৷

সে-ক্ষেত্রে আইএলএস এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে৷ সে মোতাবেক ওই দুই হাসপাতালকে বহির্বিভাগ চালু করার জন্য বলা হয়েছে৷ তাঁর দাবি, লকডাউন চলাকালীন সম্পূর্ণ বিনামূল্যে বহির্বিভাগ চিকিৎসা পরিষেবা দেবে ওই দুই হাসপাতাল৷ এই সিদ্ধান্তে অন্যান্য রোগীদের বিরাট উপকার হবে বলে মনে করছে ত্রিপুরা সরকার৷