নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল গ্রসারি দোকান৷ দোকান মালিক নাশকতার অভিযোগ এনেছেন৷ পুলিশ ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
বুধবার মধ্যরাত আনুমানিক দেড়টা নাগাদ পূর্ব আগরতলা থানাধীন পশ্চিম প্রতাপগড়ে অজিত সরকারের দোকানে আগুন লাগে৷ এ-বিষয়ে দোকান মালিক অজিত সরকার বলেন, বেশ কয়েক বছর ধরে এই এলাকায় দোকান চালাচ্ছি৷ সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি৷ তিনি বলেন, ঘর ভাড়া নিয়ে ওই দোকান চালাচ্ছি৷ গতকাল রাতে বাড়ির মালিক ফোনে জানিয়েছিলেন দোকানে আগুন লেগেছে৷ এর পর ছুটে এসে দেখি প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ তাঁর অভিযোগ, নাশকতার আগুনে পুড়েছে দোকান৷ রাতের অন্ধকারে দুষৃকতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে৷ তিনি বলেন, ৫-৬ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে৷
এদিকে বাড়ির মালিক শঙ্কর বিশ্বাস বলেন, গতকাল রাতে ধোঁয়ার গন্ধ পাহ৷ তখন সন্দেহ হওয়ায় ঘর থেকে বেরিয়ে দেখি দোকানের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে৷ সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে দরজার নীচে দিয়ে জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করিঊ এরই মাঝে খবর পেয়ে দোকানের মালিক ছুটে আসেন৷ ততক্ষণে দমকলও পৌঁছে যায৷ তিনি বলেন, দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্তে আনে৷ কিন্ত ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়নি৷ তিনি জানান, খবর পেয়ে পুলিশ এসে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে গেছে৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনার তদন্ত হবে৷ শর্ট সার্কিট থেকে নাকি নাশকতার আগুনে পুড়েছে দোকান তা তদন্ত করে দেখা হবে৷

