নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি. স.): লকডাউনের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে এই ভাষণে তিনি দেশবাসীকে স্পষ্ট দিক নির্দেশ দেবেন আগামী দিনের জন্য। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে হওয়া বৈঠকের তিনদিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর্থিক গতিবিধির ক্ষেত্রে লকডাউন কিছুটা শিথিলের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠককে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠক থেকে বেরিয়ে তিনি টুইট করেছিলেন যে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রী।যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবরের কোন সত্যতা স্বীকার করা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পঞ্জাব, ওডিশা, তামিলনাডু, মহারাষ্ট্র এর মত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা লকডাউন এর মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। সেই মেয়াদ বাড়িয়ে তারা ৩০ এপ্রিল পর্যন্ত করতে বলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণমন্ত্রী তরফ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশের ১৫ টি রাজ্যের ২৫ টি জেলায় বিগত ১৪ দিন ধরে নতুন করে করুণায় আক্রান্ত হওয়র কোন খবর নেই। মনে করা হচ্ছে এইসব জেলাগুলিতে লকডাউন কিছুটা শিথিল করা হবে। প্রধানমন্ত্রীর মতন বিশ্বের তাবড় নেতারা এখন ধন্দে আছে যে লকডাউন এবং আংশিক লকডাউন শিথিল করার সিদ্ধান্ত এর রূপরেখা কিভাবে তৈরি করবে।

