নয়াদিল্লি, ১৩ এপ্রিল(হি.স.): করোনা পরিস্থিতিতে ভারতে আটকে থাকা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়াল কেন্দ্র । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে সকলের ভিসা । ই-ভিসার মেয়াদও একইভাবে বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
২৪ মার্চ থেকে দেশে লকডাউন চলছে। বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল। এর ফলে নির্দিষ্ট সময়ে অনেক বিদেশিই নিজেদের দেশে ফিরে যেতে পারেননি। প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত তাঁদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছিল। ফের একবার বাড়ানো হল।
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা না হলেও আরও দু’সপ্তাহ সেই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা। ওডিশা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র ইতিমধ্যেই বাড়িয়েছে মেয়াদ। ৩০ এপ্রিল পর্যন্ত এই ৪ রাজ্যে চলবে লকডাউন। কেন্দ্রও সম্ভবত সেই ঘোষণাই করতে চলেছে। ফলে গোটা দেশেই লকডাউন চলতে পারে ৩০ এপ্রিল পর্যন্ত। ভারতে আটকে থাকা বিদেশিদেরও এই দুই সপ্তাহ থেকে যেতে হবে।

