স্বস্তি পেলেন রবার্ট বঢরা, মিলল বিদেশে যাওয়ার অনুমতি

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): দিল্লির বিশেষ আদালতে স্বস্তি পেলেন রবার্ট বঢরা| অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরাকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছে দিল্লির বিশেষ আদালত| ব্যবসা এবং চিকিত্সা সংক্রান্ত কারণে দু’সপ্তাহের জন্য রবার্ট বঢরাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লির বিশেষ আদালত| বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে গত ৭ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবার্ট| রবার্ট আদালতে আবেদন জানান, চিকিত্সা ও ব্যবসা সংক্রান্ত কারণে দু’সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে| তাই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক তাঁকে|

সোমবার রবার্টের আবেদন মঞ্জুর করেছে আদালত| অর্থাত্ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না| অর্থ তছরুপ মামলায় এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন রবার্ট বঢরা| এদিন দিল্লির বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পক্ষ থেকে জানানো হয়, শেষ মুহূর্তে আদালতের দ্বারস্থ হয়েছেন রবার্ট বঢরা| তাই বিশদ যাচাইয়ের জন্য পর্যাপ্ত সময় নেই|