বীরচন্দ্র মনুতে দূর্ঘটনায় মৃত্যু বাইক চালকের

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ অক্টোবর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু এলাকায় গতরাতে পথ দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর৷ মৃতের নাম প্রসেনজিৎ রিয়াং৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু বাজার সংলগ্ণ এলাকায় বুধবার রাত্র আনুমানিক ২টা ১৫ মিনিট নাগাদ জাতীয় সড়কে পথদুর্ঘটনা ঘটে৷ এই দুর্ঘটনায় বাইক আরোহী প্রসেনজিৎ রিয়াং প্রাণ হারায়৷


জানা যায়, বীরচন্দ্রমনু বাজার থেকে অরকেষ্টারের প্রোগ্রাম সেরে ঘরে ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পরে বলে অনুমান করা হচ্ছে৷ পুলিশের কাছে দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে সংবাদমাধ্যমের সামনে মনু ফাঁড়ি থানার ওসি সিংসানু মগ জানান দুর্ঘটনা কিভাবে হয়েছে তার সঠিক তথ্য বলতে পারবেন না৷ অনুমান করা হচ্ছে বাইক দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে৷ উনি জানান, এই দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আরো দুইজন আহত হয়েছে৷


দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মনু ফাঁড়ি থানার পুলিশ আহতদের শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে প্রসেনজিৎ রিয়াংকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনায় মৃত যুবকের বাড়ি শান্তিরবাজার মহকুমার প্রতিছড়ি এলাকায় বলে জানা যায়৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ প্রসেনজিৎ রিয়াং এর অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷