নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ আজ এডিসি-র বিশেষ অধিবেশনের প্রথম দিন চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং কার্যনির্বাহী সদস্য সদস্যা-সহ এমডিসিদের বেতন ভাতা বাড়ানো এবং মুড়াসিং, মগ ও ত্রিপুরী সম্প্রদায়ের কাস্টমারী ‘ল’ বিল পেশ করেছেন পরিষদের উপনেতা তথা মৎস্য দফতরের নির্বাহী সদস্য শান্তনু জমাতিয়া৷ আগামীকাল বুধবার বিলগুলোর উপর বিস্তারিত আলোচনা করা হবে৷

জমাতিয়া বলেন, এডিসি আগেই জমাতিয়া কাস্টমারি ‘ল’ গ্রহণ করে রাজ্য সরকারের কাছে পাঠানোর পর অনুমোদন পেয়েছে৷ রিয়াং সম্প্রদায়ের কাস্টমারি ‘ল’ এখনও রাজ্য সরকারের কাছে থেকে অনুমোদন পাওয়া যায়নি বলে শান্তনু জমাতিয়া অধিবেশনে জানান৷
এদিকে, ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আইপিএফটি পরিচালিত এডিসি প্রশাসনে ২৯৬ জন ককবরক শিক্ষক নিয়োগের পর ২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এডিসিতে মোট ১,১৮৬ জন কর্মচারী বিভিন্ন দফতরে নিয়োগ করা হয়েছে৷ সদস্য কুমুদ দেববর্মার লিখিত প্রশ্ণের জবাবে পরিষদের উপনেতা তথা মৎস্য দফতরের নির্বাহী সদস্য শান্তনু জমাতিয়া অধিবেশনের প্রশ্ণোত্তর পর্বে এই তথ্য জানান৷ অতিরিক্ত প্রশ্ণের মাধ্যমে মৎস্য দফতরের নির্বাহী সদস্যের কাছে জানতে চেয়েছেন কোন দফতরের কতজনকে নিয়োগ করা হয়েছে৷ জবাবে উপনেতা তথা মৎস্য দফতরের নির্বাহী সদস্য জমাতিয়া জানান, বিষয়টি মুখ্য নির্বাহী সদস্য দেখেন৷ পরবর্তী সময়ে মুখ্য নির্বাহী সদস্যের সাথে যোগাযোগ করে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি৷
এদিন প্রশ্ণোত্তর পর্বে সদস্যা মায়ারানি দেববর্মার লিখিত প্রশ্ণের জবাবে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের নির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া জানান, ২০১৯-২০ আর্থিক বছরে বাজেট বরাদ্দ ১ লক্ষ ২২ হাজার ৯২৬ টাকা৷ রাজ্য সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ৫১ হাজার টাকা পাওয়া গেছে৷ বাকি অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷

