নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি-র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবারের বৈঠকে সাংগঠনিক নির্বাচন এবং গান্ধী সংকল্পযাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ ওই বৈঠকে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, দুই সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী ত্রিপুরা এবং বিভিন্ন জেলা মণ্ডল এবং মোর্চার সভাপতিগণ উপস্থিত ছিলেন৷

এ-বিষয়ে বিজেপি-র প্রদেশ সম্পাদক রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারতের স্বপ্ণ দেখেছেন৷ এই স্বপ্ণকে বাস্তবায়িত করতে দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছেন৷ তিনি বলেন, গত ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে গোটা দেশে শুরু হয়েছে গান্ধী সংকল্পযাত্রা৷ প্লাস্টিকমুক্ত ভারত ও পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ-সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷
তাঁর কথায়, আগামী ১৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গান্ধী সংকল্পযাত্রা প্রতিটি এলাকায় অনুষ্ঠিত হবে৷ ১৭ অক্টোবর উদয়পুরে গান্ধী সংকল্প যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন বিজেপি-র প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ওই অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন৷ অপরদিকে চোরাইবাড়ি থেকেও এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধী সংকল্পযাত্রার সূচনা করা হবে বলে তিনি জানিয়েছেন৷
বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য আরও জানান, ইতিমধ্যেই বুথভিত্তিক সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়ে গেছে৷ বুথ লেভেল কমিটি গঠন সম্পন্ন হয়েছে৷ এখন মণ্ডল কমিটি গঠন প্রক্রিয়া চলেছে৷ এদিনের বৈঠকে এ-সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

