নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ সীমান্ত পাচার বাণিজ্য বিরোধী অভিযানে সাফল্য পেল বিএসএফ৷ ভারত-বাংলা ত্রিপুরা সীমান্তে ৪৫৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার বর্মা জানিয়েছেন, সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন এন সি নগর বিওপি এলাকায় সীমান্তে ৪৫৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজারমূল্য ২২ লক্ষ ৮০ হাজার টাকা৷ তিনি জানান, আজ সীমান্তে টহল দেওয়ার সময় কয়েকজন পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন এনসি নগর বিওপি-র জওয়ানরা৷ তিনি বলেন, ওই পাচারকারীরা বিএসএফ জওয়ানদের দেখেও পাচার চালিয়ে যাচ্ছিলেন৷ তখন তাদের সতর্ক করেন জওয়ানরা৷ কিন্তু তাতেও দমে যায়নি তারা৷ ফলে, বিএসএফ জওয়ানরা নন-ল্যাথেল অস্ত্র থেকে গুলি ছুড়েন তাঁরা৷ তখন ওই পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যান৷
তিনি জানান, ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা ৪৫৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সোনামুড়া পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ এদিকে, পার্শবর্তী এলাকায় পাচারের সময় ৪ কেজি গাজা এবং ৩টি গবাদি পশু উদ্ধার করেছে বিএসএফ৷
অরুণ কুমার বর্মা জানিয়েছেন, বিএসএফ এ-ধরণের অভিযান সীমান্তে জারি রেখেছে৷ আগামী দিনেও একইভাবে জারি থাকবে৷ সাথে তিনি যোগ করেন, সীমান্তে টহলদারি আরো জোরদার করার প্রক্রিয়া চলছে৷

