হিউস্টন, ২২ সেপ্ঢেম্বর৷৷ বন্ধুত্বের সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ধু, হিউস্টনের মঞ্চে দাঁড়িয়ে দুই রাষ্ট্রপ্রধান দৃঢ়তার সাথে একথা বললেন৷ শুধু তাই নয়, দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়, তা জোর গলায় দাবি করলেন তাঁরা৷ স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বের কাছে বার্তা পৌঁছে গিয়েছে ভারত ও আমেরিকা একে অপরের পাশে রয়েছে৷ কূটনৈতিক স্তরে এক তাৎপর্য নিয়ে নতুন ভাবে ভাবনা শুরু হতে পারে বলেও মনে করা হচ্ছে৷ দুই রাষ্ট্রের নয়া রসায়ণ বিশেষ করে চিন্তায় ফেলবে পাকিস্তানকে, তা মনে করা অস্বাভাবিক নয়৷

মার্কিন যুক্তরাষ্ট্রে হিউস্টনে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় ‘হাউডি মোদি’ অনুষ্ঠান৷ হিউস্টনে এনআরজি ফুটবল স্টেডিয়ামে পঞ্চাশ হাজার অনাবাসী ভারতীয়ের উপস্থিতিতে এক মঞ্চে প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে কোন কার্পণ্য করেননি৷ অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী মোদি উচ্ছসিত প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ ভারত আমেরিকা প্রকৃত বন্ধু, একথা প্রধানমন্ত্রী মোদি দ্ব্যর্থহীন ভাষায় বলেন৷ তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে সম্পর্ক সত্যিকার অর্থে উচ্চতার শিখড়ে পৌঁছেছে৷ তাঁর আরও দাবি, দুই দেশের মধ্যে মানুষের বন্ধন আরও শক্তিশালী হচ্ছে৷ তাঁর কথায়, গোটা বিশ্ব দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের সাক্ষী হয়ে থাকবে৷ তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প তাঁর পরিবারের সাথে আমাকে পরিচয় করিয়েছিলেন৷ আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার পরিবারের সাথে আপনাকে পরিচয় করাচ্ছি৷
এদিন ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় মুখর হন৷ ভারতের বিকাশে নরেন্দ্র মোদি ব্যাতিক্রমী কাজ করে চলেছেন, তা দৃঢ়তার সাথে বলেন তিনি৷ ডোনাল্ড ট্রাম্পের কথায়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ষাট কোটি ভোটার অংশ নিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি পুণরায় নির্বাচিত হয়েছেন৷ তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়াবে৷ তিনি জোর গলায় বলেন, ভারত আমেরিকার মত বন্ধু আগে কখনো পায়নি৷ তাই, সম্পর্কের গভীরতা আরও বাড়াতে তিনি নরেন্দ্র মোদির সহযোগিতা চেয়েছেন৷
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত ও আমেরিকার সম্পর্ক অত্যন্ত দৃঢ়৷ তিনি প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে মনে করেন৷ তাই তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি আমেরিকার প্রকৃত বন্ধু৷ ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে খুব শীঘ্রই প্রতিরক্ষা চুক্তি হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন৷ শুধু তাই নয় ভারতের সাথে একাত্ম হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আগামীদিনে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে৷ সাথে তিনি যোগ করেন, ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ও আমেরিকা একজোট হয়ে কাজ করবে৷ তাঁর দাবি, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতেই হবে৷ কোনও ভাবেই অনুপ্রবেশকারীদের সুযোগ দেওয়া হবে না৷ এদিন তিনি ভারত ও আমেরিকা মিলে দুই দেশে ভবিষ্যৎ সুরক্ষিত এবং শক্তিশালী করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন৷
এদিকে, হিউস্টনের মঞ্চে প্রধানমন্ত্রী মোদি অনাবাসী ভারতীয়দের আশস্ত করেছেন ভারতে সবাই ভাল আছেন৷ নতুন ভারতের স্বপ্ণ পূরণে দেশ আজ দিনরাত পরিশ্রম করছে৷ তিনি দাবি করেন, অন্য কারও সঙ্গে নয়, নিজেদেরকেই আমরা নিজেরা চ্যালেঞ্জ করছি, নিজেদের বদল করার চেষ্টায় রয়েছি৷ হিউস্টনের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদ ইস্যুতে নাম না করে পাকিস্তানকে নিশানা করে তোপ দেগেছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, আমেরিকায় ৯/১১ বা মুম্বাইয়ের ২৬/১১ হোক তার ষড়যন্ত্রকারীদের কোথায় পাওয়া যায় তাদের শুধু আপনারা নয় সারা বিশ্ব জানেন৷ তিনি কামান দেগে বলেন, তারা সেইসব লোক যারা সন্ত্রাসবাদকে লালন পালন করেন৷ তাই তিনি ডাক দেন এবার সময় এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে নির্ণায়ক যুদ্ধ করা হোক৷ তাঁর বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্প পুরো শক্তির সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবেন৷

