দুই রাজ্যে বিজেপিকে জেতানোর জন্য জনগণের কাছে আবেদন অমিত শাহের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) একাধিক ট্যুইট করে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার অমিত শাহ ট্যুইটারে লিখেছেন, উন্নয়নের নতুন উচ্চতায় উত্তরপ্রদেশ এবং হরিয়ানাকে নিয়ে গিয়েছে বিজেপি সরকার। বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তিনি লেখেন, বিগত পাঁচ বছরে রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজগুলির খতিয়ান সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।

ভোটগ্রহণকে গণতান্ত্রিক উৎসব হিসেবে অভিহিত করে অমিত শাহ ট্যুইটারে লিখেছেন, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন। দেশকে উন্নয়ন এবং সুশাসনের দিকে নিয়ে যায় নির্বাচন। শক্তিশালী সরকার গড়ার জন্য সকলকে বিশেষ করে যুব সমাজকে বিপুল পরিমাণে ভোট করার জন্য আহ্বান করেন তিনি। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।