
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের মনু ছৈলেংটাতে বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ স্থাপনের দাবিতে কাঞ্চনপুর মহকুমার শাসকের কাছে গণডেপুুটেশন দিল কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চ৷ ডেপুটেশনের আগে এক মিছিল ফায়ারিং রেঞ্জের সমর্থনে মন ছৈলেংটা বিভিন্ন পথ পরিক্রমা করে৷
ফায়ারিং রেঞ্জ স্থাপনের দাবিকে কেন্দ্র করে জনজাতি অংশের লোকজনরা তীব্র আপত্তি জানালেও কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চ মহকুমার সার্বিক উন্নয়নের স্বার্থে মনু ছৈলেংটাতে বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ স্থাপনের দাবিতে অটুট রয়েছে৷ সংগঠনের পক্ষ থেকে বুধবার মনু ছৈলেংটায় এক মিছিল ও গণডেপুটেশন সংগঠিত করা হয়৷ মিছিল শেষে কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে স্মারক লিপি তুলে দেওয়া হয়৷ দাবিগুলির মধ্যে উল্লেখ যোগ্য হল মনু ছৈলেংটাতে অবিলম্বে বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ তৈরি করতে হবে এবং এর ফলে উদবাস্তু জনজাতি অংশের মানুষজনকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে৷
ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফায়ারিং রেঞ্জ স্থাপনের যোক্তিকতা বিশ্লেষণ করে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাঞ্চনপুর উন্নয়নমঞ্চের নেতা রণজিৎ নাথ৷ গত ২৬ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাঞ্চনপুরে আইটিআই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন৷ সেখানেও কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে মনু ছৈলেংটায় বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ স্থাপনের জন্য দাবি জানিয়ে স্মারক লিপি তুলে দেওয়া হয়েছিল৷

