
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ সেপ্ঢেম্বর ৷৷ নদী পার হতে গিয়ে জলের নীচে তলিয়ে গেল এক বৃদ্ধ৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসী কালিমোহন পাড়ার বাসিন্দা দিব্যুজয় ত্রিপুরা (৬২) নদী পার হবার সময় কলিসীরমুখ এলাকায় মুহুরি নদীর জলে তলিয়ে যায় বলে অভিযোগ৷
ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে এলাকাবাসী সহ খোঁজ কাজ শুরু করেন৷ অবশেষে দুপুর আমানিক ২ ঘটিকায় ঘটনাস্থলে নবম বাহিনীর টিএসআর বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে খোঁজ কাজ শুরু করেন৷ জানা যায়, এই গ্রামে প্রায় ৪০ পরিবারের লোকজন বসবাস করে৷ গ্রামবাসী প্রতিনিয়ত নদীর উপারে যেতে হলে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়৷
বর্ষাকালে অনেকদূর রাস্তা অতিক্রম করে সকলকে যাতায়াত করতে হয়৷ গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো যাতায়াতের সুবিধার্থে একটি ব্রীজ নির্মাণ করে দেওয়ার জন্য৷ কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি৷ এলাকাবাসীর অভিমত আজ এই এলাকায় একটি ব্রীজ থাকলে ঐ বৃদ্ধ পুরুষকে প্রাণ হারাতে হতো না৷

