
ইসলামাবাদ, ৬ আগস্ট (হি.স.) পুলওয়ামার মতো ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিন ইসলামাবাদে যৌথ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান দাবি করে এমন পদক্ষেপ গ্রহণ করে তারা (ভারত) কাশ্মীরিদের কোণঠাসা করতে চাইছে। ফলে পুলওয়ামার মতো ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে। এরপর নিজের পরিস্থিতি সামাল দিয়ে ইমরান খান দাবি করেন, পুলওয়ামা হামলায় পাকিস্তানের কোনও হাত ছিল না। ফের যদি এমন ঘটনা ঘটে তবে পাকিস্তানকে দায়ী করা অনুচিত হবে। তারা (ভারত) হামলা চালাতে পারে। কিন্তু পাকিস্তানও জবাব দেবে। ভারতের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে তারা কথা বলতে চায় না।
উল্লেখ করা যেতে পারে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব পাশ হলে গেল লোকসভায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৫১ এবং বিপক্ষে ভোট পড়েছে ৭২টি। এর আগে সোমবার রাজ্যসভায় প্রস্তাবটি পেশ করেছিলেন অমিত শাহ।

