অনন্তনাগে শহিদ উত্তর প্রদেশের দু’জন জওয়ান : সরকারি চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

লখনউ, ১৩ জুন (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা হামলার ক্ষত এখনও শুকোয়নি| এরই মধ্যে বুধবার বিকেলে ফিঁদায়ে হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা| অনন্তনাগে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন সিআরপিএফ জওয়ান| তাঁদের মধ্যে দু’জন উত্তর প্রদেশের, যথাক্রমে সত্যেন্দ্র কুমার (মুজফফরনগর) এবং মহেশ কুমার কুশওয়াহ (গাজিপুর)| সন্ত্রাসী হামলায় উত্তর প্রদেশের দু’জন সিআরপিএফ জওয়ানের মৃতু্যতে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| শহিদ দু’জন সিআরপিএফ জওয়ানের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং ২৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

বুধবার বিকেলে অনন্তনাগ জেলার অন্যতম ব্যস্ত রাস্তা কে পি রোডে ‘প্যাট্রলিং’ করছিল সিআরপিএফ-এর ১১৬ তম ব্যাটালিয়ান এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী| তখনই ফিঁদায়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন সিআরপিএফ জওয়ান, যথাক্রমে-এএসআই নীরদ শর্মা (নলবাড়ি, অসম), এএসআই রমেশ কুমার (ঝাজ্জর, হরিয়ানা), সত্যেন্দ্র কুমার (মুজফফরনগর, উত্তর প্রদেশ), মহেশ কুমার কুশওয়াহ (গাজিপুর, উত্তর প্রদেশ) এবং সন্দীপ যাদব (দেওয়াস, মধ্যপ্রদেশ)| গুরুতর জখম হয়েছেন চার নিরাপত্তা কর্মী যাঁদের মধ্যে তিনজন সিআরপিএফ-এর সদস্য, একজন অনন্তনাগ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার|