নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ জুন৷৷ নিশিকুটুম্বদের তাণ্ডবে অতিষ্ঠ জনগণ৷ প্রতিদিন রাতেই গৃহস্থের ঘর,দোকানিদের দোকান সহ মূল্যবান আগর গাছ চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল৷ আবারো উত্তর জেলার কদমতলা থানাকে চ্যালেঞ্জ জানিয়ে থানার নাকের ডগায় কদমতলা বাজারে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত করে চোরের দল৷কদমতলা বাজারের রতন নাথ নামের এক ব্যক্তির মুদি দোকানে চুরি কান্ড সংগঠিত করে চোরের দল৷ গতকাল গভীর রাতে কদমতলা বাজারের মূল প্রাণকেন্দ্রে অবস্থিত রতন নাথের মুদি দোকানের ঘরের চালের টিন কেটে দোকানে প্রবেশ করে চোরের দল৷

বেশ কিছু সামগ্রী সহ দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে যায় বলে দোকানের মালিক রতন নাথের অভিযোগ৷দোকানের মালিক রতন নাথ জানান,আজ রবিবার থাকাতে সাপ্তাহিক বন্ধ বার সুতরাং মালিক সকাল আটটা থেকে সাড়ে আটটা নাগাদ দোকানে একবার আসেন৷ কিন্তু দোকানে এসে পিছনের গোডাউনে গিয়ে দেখতে পান গোডাউনের ছাউনির টিন কাটা৷ তারপর দোকান মালিক রতন নাথ ক্যাশ বাক্স ভাঙ্গা ও বিভিন্ন সামগ্রী এলোমেলো দেখতে পেয়ে কদমতলা থানায় খবর দেন৷
ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার এসআই বিনোদ বিহারী দেববর্মা সহ কদমতলা থানার পুলিশ৷পুলিশ এসে ঘটনাটি সরেজমিন তদন্ত করে যান৷এদিকে দোকান মালিক রতন নাথ উনার দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ কদমতলা থানার হাতে তুলে দিয়েছে এবং উনি স্পষ্ট জানিয়েছেন সিসি ক্যামেরা ফুটেজ চোরের ছবি এসেছে৷পাশাপাশি দোকান মালিক আরো জানান উনার দোকান থেকে বেশ কিছু সা-সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল৷অপরদিকে কদমতলা থানার এসআই বিনোদ বিহারী দেববর্মা জানান,পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখছেন৷দোকান মালিক রতন নাথ কদমতলা থানায় একটি চুরির মামলা রুজু করেছেন৷ এখন দেখার বিষয় সিসি ক্যামেরার ফুটেজ পেয়েও কদমতলা থানার পুলিশ আসল চোরদের পাকড়াও করতে সক্ষম হয় কিনা?
