নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ ফের জুমলাবাজির অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিরুদ্ধে৷ এবারে অভিযোগ আনলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ তাঁর অভিযোগ বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর আজ অব্দি ভিশন ডকুমেন্টের একটি প্রতিশ্রুতিও পালন করেনি৷ বরং এখনও মনগড়া মিথ্যার ফুলঝুড়ি বইয়ে দিচ্ছে জনগণের সামনে৷ রবিবার প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে বলেন, সপ্তমের নামে কর্মচারীদের সাথে প্রতারণা করেছে বিজেপি আইপিএফটি জোট সরকার৷ মামমাত্র ফিটম্যান্ট ফ্যাক্টর দিয়ে ৩২ শতাংশ বাড়িয়েছে৷ একে কী আর সপ্তম বেতন কমিশন বলা যায়, প্রশ্ণ তুলেছেন শ্রীরায়৷

সামাজিক ভাতা সাতশ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার কথা বলা হয়েছিল৷ তারও কোন দেখা নেই আজ অব্দি দেখা নেই৷ তাছাড়া খমতা দখল করার পর ৫৫ হাজার শূণ্যপদ পূরণ করার কথা বলা হয়েছিল৷ কিন্তু, সেই অনুযায়ী কোন উদ্যোগ নেই৷ উল্টো সরকারি চাকুরী বন্ধ করা হয়েছে বলে গোপালবাবু অভিযোগ করেছেন৷ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছ থেকে এদিন এসব বিষয়ে জবাবও চাইলেন গোপালবাবু৷
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন প্রশ্ণ তুলে গোপালবাবু বলেন, আইন শৃঙ্খলা যদি স্বাভাবিকই থাকে, তবে কেনই বা তিনি জনগেেণর টাকায় কুড়িটির মতো সুবিশাল কনভয় নিয়ে চলেন? কিভাবেই বা তাহলে করবুকে তাদের কর্মী বুর্বোমোহন ত্রিপুরা হত্যাকান্ডের মতো ঘটনা, কমলপুর, বিশালগড়, আমতালীতে পুলিশ আধিকারীকদের পেটানোর মত ঘটনা ঘটেছে একেরে পর এক৷ কার্যত বিজেপি আইপিএফটি জোট সরকার উন্নয়নের কথা বললেও পুর খাওয়া এই নেতা এর কোনও লক্ষণও দেখতে পেলেন না৷ বরং বললেন, আরও পিছিয়ে পড়েছে৷
কংগ্রেসকে চোর বলে সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে প্রচার চালানো হচ্ছে, তার পাল্টা দিলেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ তিনি বলেন, রাফাল ইস্যুতে জেলে যাবার সময হয়েছে মোদিজির৷ একদিকে একেবারে নতুন অনভিজ্ঞ কোম্পানীকে দিয়েই রাফাল বিমান ক্রয়ের উদ্যোগ নেওয়া, তার উপর ১২৬টি বিমানের বদলে এখন শুধুমাত্র ৩৬টি৷ এক্ষেত্রে ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা করলেন তিনি৷ দেশে যখন আওয়াজ উঠেছে ‘চৌকিদার চোর হ্যায়’- ঠিক তখনই মানুষের দৃষ্টিভঙ্গীকে ঘুরিয়ে দেবার জন্য মর্জিমাফিক যা খুশ বলতে শুরু করেছে মোদি ব্রিগেজ৷ চোর কারা এটি সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের ভোটের ফলাফল থেকে স্পষ্ঠ হয়ে গিয়েছে বলে মনে করেন গোপালবাবু৷
এদিকে, শনিবার আগরতলায় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন থেকে অমিত শাহ যা বলে যান, তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, খুব বেশি দিন নেই জুমলাবাজের সরকারের৷ তাসের ঘরে মতো ভেঙে যাবে কেন্দ্রে ফের ইউপিএ সরকারই প্রতিষ্ঠিত হচ্ছে বলে তাঁর দাবি৷ যে তিনশ আসন নিয়ে সরকার গড়ার কথা বলছেন বিজেপি সভাপতি সেক্ষেত্রে অর্ধেক আসন নিয়েও সন্দিহান গোপালবাবু৷ উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রেও যে একুশটি আসনের কথা বলা হচ্ছে কংগ্রেস এক্ষেত্রে মনে করে এসব আসনে কর্মীদেরকে উজ্জীবিত করে রাখার কৌশল ছাড়া আর কিছুই নয়৷

