নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শহরী রোজগার যোজনায় (টুয়েপ) বেশ কিছু নিয়মে বদল এনেছে রাজ্য সরকার৷ তাই, পুর নিগম রাজ্য সরকারের কাছে নতুন নিয়ম সম্পর্কে স্পষ্টিকরণ চেয়েছে৷ কারণ, পরিবর্তিত নিয়ম মেনে বাস্তবায়ন মুশকিল হচ্ছে৷
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, পূজোর আগে টুয়েপে সাড়ে চার শ্রমদিবস কাজ দেওয়া হয়েছে৷ দুই শ্রমদিবস ইতিমধ্যে দেওয়া হয়েছে৷ আরও আড়াই শ্রম দিবস কাজ দেওয়া হবে৷ তাছাড়া ১০ শ্রম দিবসের কাজে আগেই সম্পন্ন হয়েছে৷ তাঁর কথায়, টুয়েপ প্রকল্পে বহু নিয়ম বদল হয়েছে৷ পূর্বে ৬৫ঃ৩৫ অনুপাতে অর্থ বরাদ্দ হতো৷ কিন্তু, এখন ৫০ঃ৫০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হচ্ছে৷ তাছাড়াও কাজের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে৷
এবিষয়ে পুর কমিশনার শৈলেষ কুমার যাদবের বক্তব্য, রেগায় কাজের হিসেবের ধরণ মেনেই টুয়েপেও এখন থেকে হিসেব নেওয়া হবে৷ সেক্ষেত্রে কাজের পরিমান দেখেই স্থির হবে মজুরী৷ তবে, রেগায় আনুপাতিক হারে শ্রমিক যা মজুরী পাচ্ছেন, তাতে টুয়েপ প্রকল্পেরর শ্রমিকদের নতুন পদ্ধতি মেনে লোকসান হওয়ার কথা নয়৷ কিন্তু, জঞ্জাল পরিস্কার, ড্রেইন পরিস্কার ইত্যাদি কাজের পরিমাপ কিভাবে হবে সেবিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি৷ শুধু তাই নয়, রেগার মতই প্রত্যেক কাজের জিও ট্যাগিং হবে নতুন নিয়ম অনুসারে৷ কিন্তু, জঞ্জাল কিংবা ড্রেইন পরিস্কারের ক্ষেত্রে জিও ট্যাগিং কিভাবে সম্ভব, তা ভেবে পাচ্ছে না নিগম৷ পুর কমিশনারের সাফ কথা, জঞ্জাল কিংবা ড্রেইন পরিস্কারের কাজের জিও ট্যাগিং কোনভাবেই সম্ভব নয়৷ তাছাড়া, কাজের পরিমান নির্ধারণের বিষয়ে নতুন নিয়মে স্পষ্টভাবে কিছুই উল্লেখ নেই৷ তাই রাজ্য সরকারের স্পষ্টিকরণ চাওয়া হয়েছে৷

