ধর্মনগরে বেআইনী ভাবে মজুত ৪১ ব্যারেল কেরোসিন-ডিজেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ ধর্মনগরে ৪১ ব্যারেল কেরোসিন ও ডিজেল উদ্ধার হয়েছে৷ জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা  কেরোসিন ও ডিজেল উদ্ধার করেছে৷

এদিন ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ১৪ ব্যারেল কেরোসিন এবং ১৯ ব্যারেল ডিজেল উদ্ধার হয়েছে৷ এছাড়া, রেশন ডিলার সমরেন্দ্র দেবের বাড়ি থেকেও বেআইনী মজুত ৪ ব্যারেল কেরোসিন ও ডিজেল উদ্ধার হয়েছে৷ অভিযোগ, পঞ্চায়েত সদস্য কাঞ্চন দেব এবং রেশন ডিলার সমরেন্দ্র দেব এলাকায় কেরোসিন ও ডিজেলের বেআইনী ব্যবসা চালাচ্ছিলেন৷ এদিন, প্রচুর কেরোসিন ও ডিজেল উদ্ধার হলেও, এই বেআইনী কাজের সাথে যুক্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷