লখনউ, ২১ মার্চ (হি.স.): সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র গুরুত্বপূর্ণ অধিবেশন শেষ হতেই উইকেট পতন শুরু হয়ে গেল| রাজনৈতিক মহলে প্রবল জল্পনার মধ্যেই উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন বলিউড অভিনেতা তথা বিশিষ্ট রাজনীতিক রাজ বব্বর| রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, ২০১৯ লোকসভা নির্বাচনে কিছু ব্রাহ্মণ নেতৃবৃন্দই নেতৃত্ব দেবেন| এমতাবস্থায় বুধবার সকালে রাজ বব্বর জানালেন, তিনি উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন| রাজ বব্বর আরও জানিয়েছেন, ‘দলীয় হাইকম্যান্ড চেয়েছিল, তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমি|’যদিও কংগ্রেস সূত্রের খবর, যতক্ষণ না পর্যন্ত নতুন কাউকে উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন রাজ বব্বরই| শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে জাতীয় প্রচারাভিযান আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে রাজ বব্বরকে| প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ বব্বর|

