সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের জিও ট্যাগিং বাধ্যতামূলক হচ্ছে, তালিকায় জলের উৎস ও ক্রীড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ কাগজে কলমে হিসেব দিলেই যথেষ্ট নয়, প্রযুক্তি নির্ভর কাজের প্রমাণ দিতে হবে৷ কেন্দ্রের এই ফরমান মানতেই হচ্ছে রাজ্যকে৷ তাতে মনে হচ্ছে, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে হিসেব দেওয়ার ক্ষেত্রে জিও ট্যাগিং বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এতদিন রেগা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং চালু করেছিল কেন্দ্র৷ এখন জিও ট্যাগিং করে জলের উৎস কোথাও রয়েছে তার হিসেব দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে৷ শুধু তাই নয়, ক্রীড়া ক্ষেত্রে কেন্দ্রীয় স্কীমে কোথায় কি কাজ হয়েছে তাও জিও ট্যাগিং করতে হবে বলে কেন্দ্র ফরমান জারি করেছে৷ ফলে, এখন পানীয় জলের উৎসের এবং ক্রীড়াক্ষেত্রে রূপায়িত কেন্দ্রীয় প্রকল্পের জিও ট্যাগিংয়ের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার৷
মঙ্গলবার মহাকরণে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশিকা মোতাবেক রাজ্যে সমস্ত পানীয় জলের উৎসের জিও ট্যাগিং করা হবে৷ তাঁর বক্তব্য, পানীয় জলের উৎস কোথায় রয়েছে, তাতে কোন সমস্যা রয়েছে কিনা এবং উৎসটি এখন কি অবস্থায় রয়েছে, তার জন্যই জিও ট্যাগিংয়ের প্রক্রিয়াটি শুরু হচ্ছে৷ উৎসগুলির জিও ট্যাগিং হয়ে গেলে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার সহজেই জানতে পারবে কোথায় কি সমস্যা হয়েছে৷ তিনি জানান, সারা রাজ্যে প্রায় এক লক্ষের কাছাকাছি পানীয় জলের উৎসের জিও ট্যাগিং করা হবে৷ এই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে৷ তারপর সমস্ত উৎসের ছবি তুলে স্যাটেলাইটের সাথে যুক্ত করা হবে৷ খুব শীঘ্রই পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে৷
এদিকে, ক্রীড়াক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে কোথায় কী কাজ হয়েছে তাও জিও ট্যাগিং করার জন্য কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে৷ সে মোতাবেক যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর সম্প্রতি টেন্ডারের আহ্বান করেছে৷ বেসরকারী সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হবে৷ কেন্দ্রের নির্দেশে যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর মে মাসের মধ্যেই জিও ট্যাগিংয়ের কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷