নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ এপ্রিল৷৷ চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টানা ১০ বছর পার করে দিয়েছে সরকার৷ চাকুরী আর দেখা নেই৷ সুকল খোলার জন্য ভাটিলারমার এক ব্যক্তি নিতাই নমঃ ৬ গন্ডা জমি দিয়েছিল৷ কিন্তু স্বাভাবিক কারনেই পরিবারটি এখন চরম কোণঠাসায় পড়েছে৷ প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে সিপিএম বিধায়ক, স্থানীয় নেতা আমলারা এই পরিবারটির সঙ্গে ছিনিমিনি খেলছে৷ জায়গার বিনিময়ে পরিবারের বেকার যুবককে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি খেলাপ করছে বলে জানান নিতাই নমঃর পরিবার৷ অথচ এলাকায়ই ক্যাডার ও নেতার আত্মীয়ারা ঘরে বসেই পেয়ে যাচ্ছে সরকারী চাকুরী৷ প্রশাসনের আমলাদের উপস্থিতিতে নিতাই নমঃ সুকলের জন্য জমি দান করে৷ তার দেওয়া জমিতেই তৈরী হয়েছিল ভাটিলায়মা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়৷ জমি দেওয়ার শর্ত ছিল নিতাই নমঃর ছেলে তপন নমঃকে সরকারী চাকুরী দেওয়া হবে৷ তপন নমঃ এমএ পাশ করে ঘরে বসে আছে৷ চাকুরী তার ভাগ্যে জুটেনি৷ চাকুরীর জন্য নিতাই নমঃ বার বার স্থানীয় সিপিএম নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছে৷ তবে শেষ পর্যন্ত নিতাই নমঃ সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমার ভাটিলায়মা গ্রামে৷ জমিদাতা পরিবারের আন্দোলনে সুকলের পঠন পাঠন লাটে ওঠেছে৷ বিধায়ক ও নেতারা মুখে নীতির কথা অন্যদিকে শোষণ করে বলে জানান নিতাই নমঃ৷ তিনি এও বলেছেন ২০০৭ সালে জমিদান করা হয়েছে৷ কিন্তু এলাকারই কম শিক্ষিত যুবকরা চাকুরী পেয়ে গেছে৷ তবে বঞ্চিত পরিবারটি প্রথমে সুকলের মুল গেইটে তালা ঝুলাচ্ছে৷ এই খবরে এলাকার ব্যাপক উত্তেজন বিরাজ করছে৷ তবুও এ বিষয়ে দুপুর পর্যন্ত প্রশাসনের নেতা আমলাদের কোন পাত্তা পাওয়া যায়নি৷
2017-04-08

