নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ এপ্রিল৷৷ বিজেপি দলের দখলে চলে গেল কংগ্রেস পরিচালিত কুমারঘাট ব্লকের দুধপুর গ্রাম পঞ্চায়েত৷ গত পঞ্চায়েত নির্বাচনে মোট ১১টি আসনের মধ্যে ৮টি আসন কংগ্রেস দল জয়লাভ করে পঞ্চায়েতের ক্ষমতায় আসে৷ গত ২রা এপ্রিল মোট আট জন কংগ্রেস দলের জয়ী প্রার্থীর মধ্যে ছয়জন একত্রিত ভাবে বিজেপি দলে যোগদান করেন বলে খবর৷ বিজেপি রাজ্য সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে বরণ করে নেন৷ দুধপুর সুকলমাঠে শত শত পঞ্চায়েতের বাসিন্দাকে সাক্ষী রেখে কংগ্রেস দল ত্যাগ করেন তারা৷ যার ফলে কুমারঘাট ব্লকের দুধপুর গ্রাম পঞ্চায়েতে জোর ধাক্কা খেল কংগ্রেস৷ যারা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন প্রধান দেবব্রত দত্ত, উপ-প্রধান সুচিত্র মজুমদার৷ এছাড়া সদস্য সুমিত্রা দাস, রমাকন্ত ধর, শৈব্রা দে, দীপক রঞ্জন দেব৷ যার ফলে মোট আট আসনের মধ্যে ৬ সদস্য দলত্যাগ করায় দুজন সদস্য বর্তমানে রয়েছেন কংগ্রেস দলে, তারা হলেন চিন্ময় সরকার ও জলধর মালাকার৷ রাজ্যে বর্তমানে কংগ্রেসের অবস্থা বেহাল৷ রে মধ্যে এই পঞ্চায়েত হাতছাড়া হওয়াতে বিপাকে পড়েছে দল৷ কংগ্রেস পঞ্চায়েতটি ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু, শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে৷ খুব শীঘ্রই এই ব্যাপারে কংগ্রেস দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে৷
2017-04-07
