জঙ্গিপুর, ৩১ আগস্ট (হি.স.) : সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মার খেলেন বাব| মারধরের অভিযোগ
উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে | অভিযোগ, প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও প্রতিবাদী বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই| বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সুতির ইন্দ্রনগর গ্রামের কাছে| ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|
জানা গেছে, ভারত সেবাশ্রমে ক্লাস সেভেনে পড়ে ওই ছাত্রী| ছাত্রীর অভিযোগ, প্রতিদিনই স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে তাকে টোন করত মাসুম ও তার বন্ধুরা| কুপ্রস্তাবও দেওয়া হত বলে অভিযোগ| বিষয়টি বাড়িতে বাবা-মাকে বলে ছাত্রী| সেইমতো বুধবার মেয়ের সঙ্গে আসেন বাবাও|
বাবার অভিযোগ, এদিনও মেয়েকে টোন কাটতে থাকে মাসুম ও তার বন্ধুরা| প্রতিবাদ করেন তিনি| তখনকার মতো বিষয়টি মিটে যায়| অভিযোগ, এরপর রাস্তায় মেয়ের সামনেই বাবাকে ধরে বেধড়ক মারধর করে মাসুম ও তার বন্ধুরা| প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও কেউই সাহায্যে এগিয়ে আসেননি| তবে এরপর পাশের গ্রাম থেকে বেশ কয়েকজন যুবক এসে প্রতিবাদী ব্যক্তিকে বাঁচান| এই ঘটনায় তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ |
পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় অভিযুক্ত এক যুবকের নাম মাসুম শেখ| তার বাড়ি সুতির জগতাই গ্রামে| মাসুম ও তার বেশ কয়েকজন সঙ্গী এই কাজ করেছে বলে মনে করছে পুলিশ| অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে|
2016-09-01

