বিশেষ প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন৷৷ মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে ধর্মনগর জেলা হাসপাতালে সদ্যোজাত তিন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ভুল চিকিৎসার কারণেই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ অভিভাবকদের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক শিশুদের পোলিও খাওয়ানোর পরপরই শিশুদের মৃত্যু হয়েছে৷ এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷
মৃত শিশুদের পরিবারের তরফে পোলিও খাওয়ানোর পর শিশুদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে এই দাবির তেমন কোন যৌক্তিকতা নেই৷ কারণ, পোলিও ডোজে শিশুমৃত্যুর কোন কারণ থাকতে পারে না৷ তবে অপুষ্টি কিংবা অন্য কোন রোগে শিশুমৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে৷ অবশ্য একথা অনস্বীকার্য যে অসুস্থ শিশুকে পোলিও ডোজ দেওয়া হলে পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে৷ পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব৷
ধর্মনগর জেলা হাসপাতালের তিন অকর্মণ্য চিকিৎসকের চরম গাফিলতির কারণে জন্মের একদিনের মাথায় তিনটি নিষ্পাপ নবজাতক শিশুর মৃত্যু হয়৷ মূলত জেলার অপদার্থ চিকিৎসকদের চরম গাফিলতির কারণেই শিশু মৃত্যুসহ অন্যান্য রোগীর মৃত্যু ঘটেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, গত পরশুদিন কদমতলা থানাধীন আমটিলার বাসিন্দা শ্যামসুল হক হতের মেয়ে সাইদার জন্ম হয় নিজ বাড়িতেই৷ শারীরিক অসুস্থতার কারণে তার বাবা ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন৷ চিকিৎসক নান্টু চাকমা শিশুটিকে একটি পোলিও ইঞ্জেকশন দেন৷ তাতে মুহূর্তের মধ্যেই শিশুটি প্রাণ হারায়৷ তখন মৃতার পিতা শ্যামসুল হক ও তার আত্মীয়পরিজনরা উত্তেজিত হয়৷ কিন্তু রাত কাটিয়ে আজ সকাল হতেই ঘটে একই ঘটনা৷ ধর্মনগরের গন্দানগর পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মনতোষ দাসের স্ত্রী রিঙ্কু দাস ও শনিছড়া নদিয়াপুর পঞ্চায়েতের বাসিন্দা প্রমেশ নাথের স্ত্রী রিনি ভৌমিককে একইভাবে প্রসব ব্যথার কারণে গতকাল হাসপাতালে ভর্তি করেন৷ দুজনেরই রাতে দুটি কন্যা সন্তান জন্ম হয়৷ আজ সকালে শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ নান্টু চাকমা, গায়নো চিকিৎসক অপ্রীতমোহন দেববর্মা এবং এনেস্তেসিয়া বিশেষজ্ঞ দেবাশিষ দেবরায় মিলে দুটি শিশুকে পোলিও ইঞ্জেকশন পোসিং করেন৷ কিন্তু মুহূর্তের মধ্যে দুটি শিশুই মারা যায়৷ ঘটনা চাউর হতেই উত্তেজনা দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসি জয়ন্ত কর্মকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ তিনটি নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় ফের প্রশ্ণ উঠেছে স্বর্ণযুগের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে৷
উত্তর জেলার জেলা হাসপাতাল ধর্মনগরে কর্তব্যরত চিকিৎসক ও নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্মসংসৃকতি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দীর্ঘদিন ধরেই ধূমায়িত হচ্ছে৷ তথাকথিত সেবধর্মে দীক্ষিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মর্জিমাফিক কাজকর্ম চলেছেন৷ এর শিকার হচ্ছেন রোগী সাধারণ৷ ধর্মনগর জেলা হাসপাতালে প্রসূতি বিভাগ থাকলেও কর্তব্যরত চিকিৎসকরা প্রসূতিদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে তালবাহান করে চলেছেন বলে অভিযোগ৷ বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনার পরও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ সে কারণেই একের পর এক অঘটন ঘটে চলেছে৷ একই দিন তিনটি সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কদর্য চেহারা ফুটে উঠেছে৷
2016-06-29
