News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি সাহায্যকারীদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে : মুখ্যমন্ত্রী
Image

জঙ্গি সাহায্যকারীদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ জঙ্গিদের যারাই সাহায্য করবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শুধু তাই নয় সরকার কোনভাবেই জঙ্গিদের সাথে আপোষ করবে না বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন৷


ত্রিপুরায় রাজনৈতিক হিংসার শিকার সাতটি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ বিজেপি কার্যকর্তা চাঁনমোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এ-কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, চানমোহন ত্রিপুরাদের মতো অসংখ্য শহিদের আত্মবলিদানের ভিতের উপরেই আজ ত্রিপুরার মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ তাই, ওই সাতটি পরিবারের মধ্যে চাঁনমোহন ত্রিপুরার স্ত্রীও চাকরির সুযোগ পাবেন৷


আজ শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা চানমোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি বলেন, পূর্বতন সরকারের সময়ে গন্ডাছড়াকে পশ্চাদপদ এলাকা বলে তকমা দেওয়া হতো৷ এই এলাকার উন্নয়নে কোনও উদ্যোগই ছিল না৷ কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির সরকার সেই ধারণা ভেঙে দিয়েছে৷ গন্ডাছড়ায় উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে৷ পর্যটন শিল্পের বিকাশের জন্য নারকেলকুঞ্জকে ঢেলে সাজানোর কাজ চলছে, ডুম্বুর লেকে এসেছে আধুনিকতম বোট, তৈরি হচ্ছে হেলিপ্যাড৷

তিনি প্রত্যয়ের সুরে বলেন, আজ ত্রিপুরার বাঁশকড়ুলের বিসুকট থেকে বাঁশের বোতল সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে৷ দুবাইয়ের বাজারে বহু মূল্যে বিক্রি হচ্ছে৷ তাঁর মতে, অত্যন্ত কম পুঁজিতে এই বাঁশের বোতল প্রস্তুত করার ব্যবসা করা যায়৷ তাই ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ককেও বলেছি, জনজাতিদের এলাকায় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে ঋণ প্রদানের মাধ্যমে এই কাজে উদ্যোগ গ্রহণ করার জন্য৷


তিনি বলেন, আগে জনজাতিদের উপজাতি বলে অসম্মান করা হতো৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচারধারার সরকার আসার পর এখানে দফতরের নাম বদলে উপজাতি কল্যাণ থেকে জনজাতি কল্যাণ করা হয়েছে৷ তিনি গন্ডাছড়ার মানুষের কাছে আবেদন জানান, আগামী এডিসি নির্বাচনে জনজাতির মানুষরা তাঁদের রায় দেবেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, এখানে উন্নয়নের কাজ চলছে, সরকার কর্মসংস্থানের জন্য কার্যধারা পরিচালনা করছে৷ কিন্তু সরকার উগ্রবাদীদের সঙ্গে আপস করবে না৷ অনেক এনএলএফটি জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ তাঁর সাফ কথা, কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার আর রাজ্যেও তাঁর বিচারধারার সরকার চলছে৷ এখানে কোনও জঙ্গিকে থাকতে দেওয়া হবে না৷ যারা জঙ্গিদের সাহায্য করবে তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে৷


তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা চানমোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসে অত্যন্ত বেদনাহত হৃদয়ে তাঁর সন্তানদের সঙ্গে দেখা করেছি৷ রাজনৈতিক হিংসার শিকার পিতৃহারা সন্তানদের সমবেদনা জানাচ্ছি৷ দল ও সরকার পরিবারগুলির পাশে রয়েছে৷ তিনি জানান, ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক হিংসায় নিহত সাত জনের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে৷ চানমোহন ত্রিপুরার স্ত্রীও চাকরির সুযোগ পাবেন৷ তাঁর সন্তানদের সুষ্ঠু ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দল ও সরকার সর্বাত্মকভাবে পাশে থাকবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top