ট্রাম্পের শরীরে সুস্থতার লক্ষণ, দেখা দিলেন সমর্থকদের

ওয়াশিংটন, ৫ অক্টোবর (হি.স.): ধীরে ধীরে সুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে। হোয়াইট হাউসের চিকিৎসকরাও দাবি করেছেন, ‘ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যেও সমর্থকদের চমক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় অনুযায়ী রবিবার, ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের বাইরে সমর্থকদের দেখা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই মেডিক্যাল সেন্টারেই প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ চিকিত্সা চলছে।


হাসপাতালের বাইরে কিছু সময়ের জন্য, কালো রঙের গাড়ির ভিতর থেকে সমর্থকদের দেখা দেন ট্রাম্প এবং ধন্যবাদও জানান। করোনা-আক্রান্ত ট্রাম্পের মুখে কালো মাস্ক থাকা সত্বেও তাঁর মুখের হাসি বেশ ভালোই বোঝা গিয়েছে। খুব সামনে থেকে প্রিয় প্রেসিডেন্টকে দেখতে পেয়ে সমর্থকরাও ভীষণ খুশি হন। ‘সারপ্রাইজ ভিজিট-এর পর ফের হাসপাতালে চলে যান ট্রাম্প। ট্রাম্প টুইট করে জানান, কোভিড সম্পর্কে অনেক কিছুই শিখেছি।