News Flash

  • Home
  • Uncategorized
  • উন্মুক্ত সীমান্ত বিএসএফের জন্য বিরাট চ্যালেঞ্জ : আইজি

উন্মুক্ত সীমান্ত বিএসএফের জন্য বিরাট চ্যালেঞ্জ : আইজি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ উন্মুক্ত সীমান্ত ত্রিপুরায় বিএসএফের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, তাদের হাত বেঁধে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, চ্যালেঞ্জ মোকাবিলা করেই সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে হচ্ছে বিএসএফের৷ বৃহস্পতিবার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সলোমোন ইয়াশ কুমার মিঞ্জ এভাবেই তাদের কাজের বর্ণনা দিয়েছেন৷ তাঁর দাবি, ভৌগোলিক অবস্থানের কারণে এবং নানা জটিলতায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এখনও অসম্পূর্ণ রয়েছে৷ এদিকে, বাংলাদেশের অভ্যন্তরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির ঘাঁটি রয়েছে বলে দাবি করেছেন আইজি৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যে পাচারের পদ্ধতিগত পরিবর্তন হয়েছে৷ ফেন্সিডিল কিংবা গাঁজার বদলে ইয়াবা টেবলেটের পাচার বেড়েছে৷


এদিন তিনি জানিয়েছেন, ত্রিপুরায় বিএসএফের ১৮টি ব্যাটালিয়ন রয়েছে৷ সীমান্ত নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন বিএসএফ জওয়ানরা৷ তাই ত্রিপুরায় সীমান্ত অনেকটাই নিরাপদে রয়েছে৷ তাঁর কথায়, সিপাহিজলা জেলার শ্রীমন্তপুর ভারত-বাংলা সীমান্ত নেশাসামগ্রী পাচারে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে৷ তাছাড়া দক্ষিণ সাব্রুমের সীমান্ত দিয়ে গবাদি পশু পাচার সবচেয়ে বেশি হচ্ছে৷ তবে, বিএসএফের কড়া নজরদারির কারণে এখন ওই সীমান্ত দিয়েও পাচার অনেকটাই কমেছে৷
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন, ত্রিপুরায় সব ঋতুতে ৮৫৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ৷ প্রতিদিন নতুন অধ্যায় রচিত হচ্ছে৷ কঠিন পরিস্থিতি সত্ত্বেও একটি সংগঠিত দল হিসেবে বিএসএফ প্রতিনিয়ত সীমান্ত সুরক্ষা করে চলেছে৷


তিনি জানান, ভৌগোলিকগত অবস্থানের কারণে ত্রিপুরায় পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না৷ কারণ, সীমান্তের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে নদী৷ তাছাড়া, জমি জটের কারণেও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জটিলতা হচ্ছে৷ এদিন তিনি দাবি করেন, উন্মুক্ত সীমান্ত ত্রিপুরায় পাচার বাণিজ্য বন্ধে বিরাট চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে বিএসএফকে৷ তাঁর কথায়, আপাতত ত্রিপুরায় ৬৬ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অবশিষ্ট রয়েছে৷ সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে অগ্রগতি হচ্ছে৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন, ত্রিপুরায় সীমান্ত রক্ষায় তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না৷ অবশ্য, ত্রিপুরায় ভারত-বাংলা সীমান্ত পাকিস্তান সীমান্তের সমতুল্য নয়৷ তাঁর কথায়, ত্রিপুরায় সীমান্তে প্রহরার সময় জওয়ানরা নন ল্যাথেল অস্ত্র ব্যবহার করেন৷ তাঁর দাবি, অনেক ক্ষেত্রে পাচারকারীদের প্রতিরোধ করার সময় জওয়ানদের আক্রমণের মুখে পড়তে হয়৷ শুধু তা-ই নয়, বিভিন্ন সময় গ্রামবাসীরাও বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকেন৷ এক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় বিএসএফকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে৷ তবুও ত্রিপুরার সীমান্ত অনেকটাই নিরাপদে রয়েছে, জোর গলায় দাবি করেন তিনি৷


তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র অস্তিত্ব অস্বীকার করেনি বিএসএফ৷ নিষ্ক্রিয় হলেও এখনও এনএলএফটি-র ২২ থেকে ২৪ জন ক্যাডর আত্মসমর্পণ করেনি৷ জঙ্গি দলের গতিবিধির ওপর কড়া নজর রেখেছে বিএসএফ৷
ত্রিপুরায় উগ্রপন্থার কালো অধ্যায় আজও অনেকের মনে শিহরণ জাগায়৷ তাদের আতঙ্কে বিনিদ্র রাত কাটানো ভুলতে পারছেন না অনেকেই৷ তবুও, এনএলএফটি-র নিষ্ক্রিয়তা ত্রিপুরাবাসীকে নিশ্চিন্তে রেখেছে বলেই মনে করা হচ্ছে৷ তবে, তাদের অস্তিত্বকে আজও কোনওভাবেই অস্বীকার করা যাচ্ছে না৷ ১৩ অগাস্ট ২০১৯ নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি-র ৮৮ জন ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছিল৷ সাম্প্রতিককালের মধ্যে যা সর্ববৃহৎ বৈরি আত্মসমর্পণ প্রক্রিয়া৷ সহিংসতার পথ ছেড়ে তারা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছে৷ তাই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ রেবতিকুমার ত্রিপুরার উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেছিলেন৷ এনএলএফটি নেতা সবির দেববর্মা, কাজল দেববর্মা, কর্ণ দেববর্মা, তপন কলই এবং সুমেন্দ্র দেববর্মা ওইদিন মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন৷


সরকারি তথ্য অনুযায়ী ওইদিন বাইরের একে ৪৭ রাইফেল ৩-টি, ৭.৬২ এসএলআর ৬-টি, চাইনিজ রাইফেল ৪-টি, কার্বাইন ৩-টি, ওজি ১-টি, দুই ইঞ্চি মর্টার ১-টি, ৪০ এমএম ১-টি, পয়েন্ট থ্রি-নট-থ্রি রাইফেল ১৯টি, ইউএস কার্বাইন ১-টি, এম-২০ পিস্তল ৪-টি, সিঙ্গল বোর গান ১-টি, ৯ এমএম কার্তুজ ৫৮৬টি, এম-২০ কার্তুজ ৪-টি, থ্রি-নট-থ্রি কার্তুজ ৯৯১টি, একে ৪৭ কার্তুজ ২৯৫টি জমা দিয়েছেন৷ এছাড়া টাইম ডিভাইস ১৬টি, টাইম পেনসিল ২৩টি, ওয়ারলেস সেট ৯-টি, বোতল গ্রেনেড ১৩টি, চাইনিজ গ্রেনেড ১-টি, গ্যাস গ্রেনেড ১-টি, একে ম্যাগাজিন ৬-টি, এসএলআরভি ম্যাগাজিন ১৪টি, প্রেসার স্যুইচ ১৮টি, ৪০ এমএম সেল ১-টি, টুইন সেল ১-টি, হ্যান্ড গ্রেনেড ১-টি, এম-২০ ম্যাগাজিন ৪-টি, ইউএস কার্বাইন ম্যাগাজিন ১-টি, শজি ম্যাগাজিন ২-টি, লকিং স্যুইচ ৪-টি, টাইম ডিলে ১-টি, থ্রি-নট-থ্রি ম্যাগাজিন ১৯টি জমা দিয়েছেন৷


আজ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন, ত্রিপুরায় আপাতত উগ্রপন্থী সমস্যা নেই৷ এনএলএফটি-র গতিবিধিও নজরে আসছে না৷ তবে, তারা নিষ্ক্রিয় হলেও মুছে যায়নি৷ এনএলএফটি জঙ্গি দলে এখনও ২২ থেকে ২৪ জন আত্মসমর্পণ করেনি৷ তাঁর কথায়, ২০১৮ সালের শেষের দিকে ওই বৈরি সংগঠনের তিনজন আত্মসমর্পণ করেছিল৷ তাছাড়া, গত অগাস্টে একসাথে ৮৮ জন ক্যাডার আত্মসমর্পণ করেছে৷
তিনি আরও বলেন, ত্রিপুরায় পাচারের পদ্ধতিগত পরিবর্তন হয়েছে৷ ফেন্সিডিলের বদলে ইয়াবার থাবা বেড়েছে৷ তবে পাচারকারীদের বিরুদ্ধে বিএসএফেরও সাফল্য রয়েছে৷ নেশা বিরোধী অভিযান সম্পর্কে এভাবেই বিস্তারিত তথ্য দিয়েছেন৷ তাঁর দাবি, এ বছর নেশা সামগ্রী ছাড়া ৩২ কোটি ৯২ লক্ষ ৯৩ হাজার টাকার অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিএসএফ৷
এদিন তিনি বলেন, চলতি বছরে নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য মিলেছে৷ ত্রিপুরায় ২৩৬টি অভিযানে ৮,৯৮২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ৪ কোটি ৮৫ লক্ষ ৫৭ হাজার টাকা৷ তাঁর দাবি, বিগত বছরের তুলনায় গাঁজা কম উদ্ধার হয়েছে৷ কারণ, বর্তমানে গাঁজা এবং ফেন্সিডিল পাচার কমেছে৷ তার বদলে ইয়াবা ট্যাবলেটের পাচার মারাত্মকভাবে বেড়েছে৷


তিনি বলেন, ত্রিপুরায় ইয়াবা ট্যাবলেটের ব্যবহার খুবই কম৷ সে তুলনায় ত্রিপুরাকে পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ তিনি জানান, এ বছর ৩ লক্ষ ৫১ হাজার ৫৬৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১৭ কোটি ৫৭ লক্ষ ৮৪ হাজার টাকা৷ বিএসএফের আইজি বলেন, ইয়াবার পাচারবান্ধব তাই, সহজেই এর পাচার বাণিজ্য বেড়ে গিয়েছে৷ পাশাপাশি ২২ হাজার জমিতে ৪৩ হাজার ২০০ গাঁজা গাছ ধবংস করেছে বিএসএফ জওয়ানরা৷ যার বাজারমূল্য ৮১ লক্ষ ২১ হাজার টাকা, জানান তিনি৷


এদিকে, অনুপ্রবেশের বিরুদ্ধেও বিএসএফ সাফল্যের নজির স্থাপন করেছে বলে দাবি করেছেন তিনি৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন, এ বছর ত্রিপুরায় ভারত-বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ২৩৬ জনকে আটক করা হয়েছে৷ তাদের মধ্যে ১১৭ জন ভারতীয়, ৬৫ জন বাংলাদেশি, ৫৩ জন রোহিঙ্গা এবং একজন নাইজেরিয়ান নাগরিক রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top