বাজেটে রাজ্য সরকারের প্রতি অসহযোগিতার প্রমাণ দিয়েছে পুর নিগম : রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ পুুর নিগম ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেট পেশ করে দৃষ্টান্ত স্থাপন করেছে৷ কারণ, শুধু ভারত গোটা বিশ্বেই বাজেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়না৷ কিন্তু, পুর নিগম সেই পথেই হেঁটেছে৷ বৃহস্পতিবার এই ভাবেই পুর নিগমের বাজেটকে সমালোচনায় বিঁধেছেন বিজেপি কোর কমিটির সদস্য তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর দাবি, বর্তমান রাজ্য সরকারের সাথে অসহযোগিতার প্রমাণ দিয়েছে পুর নিগম৷ কারণ, জনমনে বর্তমান রাজ্য সরকারের প্রতি ক্ষোভ জন্মানোর জন্যই বাজেট হ্রাস করেছে পুর নিগম৷


তিনি বলেন, বামফ্রন্ট সরকারের তুলনায় বিজেপি আইপিএফটি জোট সরকার করের অংশ হিসেবে পুর নিগমকে অধীক অর্থ বরাদ্দ করেছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০১৫-১৬ অর্থ বর্ষে ৩১.৮১ কোটি, ২০১৬-১৭ অর্থ বর্ষে ৩৩.৫৭ কোটি এবং ২০১৭-১৮ অর্থ বর্ষে ৩২.৬৮ কোটি করের অংশ হিসেবে পেয়েছে পুর নিগম৷ অথচ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বর্ষে করের অংশ হিসেবে পুর নিগমকে ৩৫.১১ কোটি টাকা প্রদান করা হয়েছে৷ ফলে, সহজেই অনুমেয় বাম জমানার তুলনায় বিজেপি- আইপিএফটি জোট সরকার পুরবাসীদের জন্য অধীক চিন্তায় মগ্ণ৷ তাই, বিগত বছর গুলির তুলনায় করের অংশ হিসেবে বরাদ্দ বাড়ানো হয়েছে৷


এদিন তিনি বলেন, রাজ্য সরকার বাজেট থেকে ২০১৯-২০ অর্থ বর্ষে ১৪২ কোটি টাকা বরাদ্দ করেছে পুর নিগমকে৷ তবুও তারা মাত্র ২০৮ কোটি টাকার বাজেট পেশ করেছে৷ অথচ, ২০১৮-১৯ অর্থ বছরে ১১৬ কোটি ৪৩ লক্ষ ৭৪ হাজার টাকা পুর নিগমের জন্য বাজেটে বরাদ্দ করা হলেও তারা ২১৮ কোটি টাকার বাজেট পেশ করেছিল৷


রতন লাল নাথের দাবি, পুরবাসীর বিজেপি- আইপিএফটি জোট সরকারের প্রতি অসন্তোষ তৈরি হোক চাইছে পুর নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিরা৷ উন্নয়ন কাজ ব্যহত হোক তাই বাজেট বরাদ্দে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে৷ তিনি বলেন, পুর নিগমের বাজেটে স্পষ্ট বাম জমানায় যেখানে মাথাপিছু ৬৭৯২ টাকা বরাদ্দ হতো, এখন তা কমে দাঁড়িয়েছে ৩৯২৪ টাকা৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পুর নিগমের সদস্যদের এই আচরণ শোভনীয় নয় বলে কড়া ভাষায় সমালোচনা করেন তাঁর দাবি, বাজেটে সব সময়েই উর্দ্ধমুখী প্রবণতা থাকা উচিত৷ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে বাজেটে উর্দ্ধমুখী প্রবণতা লক্ষ্য করা যায়৷ কিন্তু, পুর নিগম ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট সংকোচিত করেছে৷ তিনি দৃঢ়তার সাথে জানান, তাদের উদ্দেশ্য কখনওই সফল হবে না৷