News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের অনুন্নত ১২টি ব্লকের উন্নয়নে ত্রিবার্ষিক পরিকল্পনা, শিল্প স্থাপনে ভর্তুকি প্রকল্পে সংশোধন, মন্ত্রিসভায় সিলমোহর
Image

রাজ্যের অনুন্নত ১২টি ব্লকের উন্নয়নে ত্রিবার্ষিক পরিকল্পনা, শিল্প স্থাপনে ভর্তুকি প্রকল্পে সংশোধন, মন্ত্রিসভায় সিলমোহর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ ত্রিপুরায় একটিও পিছিয়ে পড়া ব্লক যাতে না থাকে, সেই লক্ষ্যে ত্রিবার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার ৷ তার জন্য প্রতিবছর বাজেট থেকে তিন বছরের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে ৷ শুধু তাই নয়, নির্দিষ্ট সূচকও নির্ণয় করা হয়েছে উন্নয়নের জন্য৷ মোট ১২টি ব্লকের জন্য এই পরিকল্পনায় সোমবার ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে ৷ তাতে ওই ব্লকগুলিতে শূন্যপদের ৮০ শতাংশ পূরণেরও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ৷ পাশাপাশি, শিল্প বিনিয়োগে ভরতুকি প্রকল্পে সংশোধনী এনেছে ত্রিপুরা সরকার ৷ নতুন দুটি ক্ষেত্রকে ভরতুকির আওতায় আনারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের কনফারেন্স হল-এ সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ৷


তিনি জানান, বিধানসভা নির্বাচনের পর অনুন্নত ১০টি ব্লক চিহিণত করে ওই ব্লকগুলির অন্তর্গত প্রত্যেক পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছিল ৷ এখন ওই ১০টি ব্লকের সাথে পিছিয়ে পড়া আরও দুটি ব্লক যুক্ত করে ব্লকগুলির সার্বিক উন্নয়নে ত্রিবার্ষিক পরিকল্পনায় আজ রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে ৷ তাঁর কথায়, ছামনু, ডম্বুরনগর, রইস্যাবাড়ি, দামছড়া, দশদা, করবুক, শিলাছড়ি, রূপাইছড়ি, তুলাশিখর এবং মুঙ্গিয়াকামী ব্লকের সাথে অম্পি ও গঙ্গানগর ব্লক যুক্ত করা হয়েছে ৷ ওই অনুন্নত ব্লকগুলির সার্বিক উন্নয়নে সূচকও স্থির করা হয়েছে ৷


শিক্ষামন্ত্রীর কথায়, তিন বছরের রাজ্য বাজেট থেকে ওই প্রকল্পের জন্য মোট ৫০ কোটি বরাদ্দ করা হবে৷ তাছাড়া, অন্যান্য দফতরও ওই ব্লকগুলিতে বিভিন্ন প্রকল্প রূপায়নে অগ্রাধিকার দেবে ৷
তাঁর বক্তব্য, এই নতুন প্রকল্পে কাজের অগ্রগতি প্রতি ৬ মাস অন্তর মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন৷ তাছাড়া, প্রত্যেক ব্লকের জন্য একজন করে পদস্থ আধিকারিক দায়বদ্ধ থাকবেন ৷ তাঁর কথায়, প্রধানসচিব স্তরের আধিকারিককে প্রত্যেক ব্লকের দায়িত্ব দেওয়া হবে ৷ তাঁদের নাম দেওয়া হয়েছে রাজ্য প্রভারী আধিকারিক৷ তাঁরাও প্রতি মাসে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন৷
শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক-সহ মোট ৬টি ভাগে সূচক নির্ণয় করা হয়েছে৷ এর ভিত্তিতেই ব্লকগুলির উন্নয়ন করা হবে৷ পাশাপাশি, ওই ব্লকগুলির উন্নয়নে ৮০ শতাংশ শূন্যপদ পূরণ করারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানান শিক্ষামন্ত্রী৷


এদিকে, রাজ্য ভরতুকি প্রকল্পের অধীন আরও দুটি ক্ষেত্রকে যুক্ত করার জন্য আজ রাজ্য মন্ত্রিসভা সংশোধনীর অনুমোদন দিয়েছে৷ ফলে, হোটেল এবং পর্যটন, হসপিটাল ও নার্সিংহোম স্থাপনের ক্ষেত্রেও ভরতুকির আওতায় আনা হয়েছে৷ মূলত, বড় শিল্প স্থাপনের ক্ষেত্রে ত্রিপুরায় বিনিয়োগে কোনও ভরতুকি ছিল না৷ এই সংশোধনীর ফলে বড় শিল্পেও ভরতুকি মিলবে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানিয়েছেন৷


তিনি জানান, শিল্পে ভরতুকি প্রকল্প ইতিপূর্বে একাধিকবার সংশোধীত হয়েছে৷ ১৯৯৫, ২০০২, ২০০৭, ২০১২ এবং সর্বশেষ ২০১৭ সালে সংশোধন করা হয়েছে এই প্রকল্প৷ তাতে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের জন্য ভরতুকি বিধান ছিল৷ কিন্তু, বড় শিল্পকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছিল৷ ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা চেয়েছে বড় শিল্পগুলিকেও ওই ভরতুকি প্রকল্পের আওতায় আনা হোক৷ তাতে বড় শিল্পপতিরা ত্রিপুরায় বিনিয়োগে আগ্রহী হবেন৷ তিনি জানান, ইতিমধ্যে বেশ কয়েকজন শিল্পপতি ত্রিপুরায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন৷ তাই, ওই প্রকল্পটি সংশোধনী করা হয়েছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনক্রমে বড় শিল্পগুলিকেও এখন থেকে ভরতুকি দেওয়া হবে৷ তবে, শুধুমাত্র অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতেই ভরতুকি মিলবে৷ তিনি জানান, ইতিপূর্বে বাঁশ, রবার, কৃষি, চা এবং গ্যাস ভিত্তিক প্রকল্প ভরতুকির জন্য অনুমোদিত ছিল৷ এখন হোটেল ও পর্যটন এবং হলপিটাল ও নার্সিং হোম, এই দুটি ক্ষেত্রকেও যুক্ত করা হয়েছে৷ তিনি আরও জানান, নার্সিং হোমের ক্ষেত্রে ন্যূনতম ৫০ বেডের হতে হবে এবং হোটেলের ক্ষেত্রে জমি ছাড়া ৩ কোটি টাকার প্রজেক্ট হলে তবেই ভরতুকি মিলবে৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভরতুকির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে৷ এছাড়া, ওই শিল্পে উৎপাদিত সামগ্রী পরিবহণের ক্ষেত্রে ভরতুকি যুক্ত করা হয়েছে৷ তাঁর সাফ কথা, রাজ্যে বিনিয়োগে আগ্রহকারীদের লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাবে ত্রিপুরা সরকার৷ কারণ, গত এক বছরে ১,৪৭৪টি শিল্প স্থাপন হয়েছে রাজ্যে৷ তাতে তিন হাজারের অধিক কর্মসংস্থান হয়েছে৷ তাই, মন্ত্রিসভার এই সিদ্ধান্তে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ত্রিপুরায় আসবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top