News Flash

  • Home
  • Uncategorized
  • শংকায় ভরা এবারের চৈত্র মেলা
Image

শংকায় ভরা এবারের চৈত্র মেলা

৷৷ সায়ন্তক চৌধুরী৷৷

পুরনো সামগ্রী ঝেটিয়ে বিদায় করার নাম হল চৈত্র মেলা৷ চৈত্র মাস মানেই দোকানের জঞ্জাল সাফ করার মাস৷ নামেই বোঝা যাচ্ছে যে, এ মেলা বছরের একটি নির্দিষ্ট মাসে হয়৷ এ মাস বছরের শেষ মাস৷ আর বছরটি হল বাংলা বছর৷ অস্বীকার করা যাবে না যে, হিন্দু বাঙালীদের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত এ বাংলা বছর৷ বিশেষ করে বছরের শেষ মাস মানেই তো পাওয়া না পাওয়ার হিসাবের মাস৷ চৈত্রের শেষ মানেই নতুন বছরের আবাহনের প্রস্তুতি৷ সেই হিসাবে রয়েছে চৈত্র মেলার গুরুত্বও৷ প্রতি বছরই রাজধানীসহ রাজ্যের নানা স্থানে চৈত্র মেলা হয়৷ এ মেলার পোষাকি নাম হল চৈত্রের রিডাকশন সেল৷ প্রতি বছর এমন মেলা নিয়ে মাতোয়ারা থাকে বড় ব্যবসায়ী থেকে আরম্ভ করে ক্ষুদে ব্যবসায়ী এমনকি বেকার যুবক যুবতীরা৷ এ সময়ে কিছু অর্থ প্রাপ্তির আশাতো সবার থাকে৷ কেননা, চৈত্র সেল তথা চৈত্র মেলা মানেইতো এক উন্মাদনার মেলা৷ ওই যে দিল্লী কা লাড্ডুর মত অবস্থা৷ খেলেও পস্তাবে, আবার না খেলেও পস্তাবে৷ এ যেন এক দুনির্বার আকর্ষণ৷ আবাল-বৃদ্ধ-বণিতা উন্মুখ হয়ে থাকে মেলায় যেতে৷ কি নেই এই মেলায়৷

হেঁসেলের নানা ধরনের সামগ্রী থেকে শুরু করে মহিলাদের প্রসাধনের মনোলোভা নানা ধরনের সামগ্রীতে ঠাসা থাকে মেলায় আসা প্রতি দোকান৷ বাংলা বছরের এই বিশেষ সময়ের জন্য ঘরের মা-বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন৷ তাইতো চৈত্র মেলা মানেই হেঁসেলকে নতুন করে সাজিয়ে নেবার পালা৷ চৈত্র মেলা মানেই খেটে খাওয়া মানুষদের ছেলে মেয়েদের মুখে হাসি ফুটানোর মেলা৷ কিন্তু, এবারের চৈত্র মেলা যেন বড়ই বিষাদ ভরা মেলা৷ যেন রোদনভরা বসন্ত৷ তাইতো চৈত্রের বসন্তের উতোল হাওয়ায় পাগল পাগল মন আর পাগল হয় না৷ কেননা, এবার চৈত্র মাস বড়ই রিক্ত নিঃস্ব মাস হিসাবে যেন ধরা দিল৷ গ্রাম পাহাড়ে নেই প্রাণের ছোঁয়া৷ রাজধানী ছাড়া মহকুমা ও প্রত্যন্ত গ্রামগুলির আর্থিক অবস্থা চাঙ্গা হবার জীয়ন কাঠি হল রেগার কাজ৷ এবার রেগার কাজে মন্দাভাব৷ ১৮ এর বিধানসভার নির্বাচন রাজ্যের খেটে খাওয়া মানুষদের আশা আকাঙ্খার ফানুস যেন চুপসে দিল৷ রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি স্থিতিশীল নয়৷ বিভিন্ন দপ্তরের কাজকর্মেও দেখা দিয়েছে অস্থির পরিস্থিতি৷ বিভিন্ন ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত ও নগর পঞ্চায়েতে রেগার কাজে তেমন গতি নেই৷ ফলে রেগা শ্রমিকদের জীবিকায় পড়েছে টান৷ অনেকটা নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা৷ এরই মাঝে এল চৈত্র মাস৷ এলো হিন্দু বাঙালীদের পার্বন৷ তাই তো চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ যেন নিবিড় ভাবে জড়িয়ে আছে হিন্দু বাঙালীদের মনে৷ সেই সাথে চৈত্র মেলা দিয়েছে আলাদা একটা মাত্রা৷

কিন্তু, এবারের চৈত্র মেলা যেন বড় ফিকে মনে হচ্ছে৷ আবেগ উচ্ছাস থাকলেও লক্ষ্মীর ভাড়ারে যেন টান পড়েছে৷ পয়লা এপ্রিল থেকে রাজধানীসহ রাজ্যের নানাস্থানে চৈত্র মেলা শুরু হয়েছে৷ ধীরে ধীরে নানা ধরনের ব্যবসায়ীরাও নানা ধরনের পসরা নিয়ে মেলায় আসছে৷ কিন্তু, তাদের থেকে শংকা দূর হচ্ছে না৷ কেননা, রেগা সহ বিভিন্ন দপ্তরের কাজ থমকে আছে৷ বিশেষ করে পুর্ত ও জনসম্পদ দপ্তরের ঠিকাদাররাও কাজের বিল না পেয়ে শংকায় ভুগছেন৷ ব্যবসায়ীদের মনেও জাগছে মন্দা বিক্রির শংকা৷ তাই চৈত্র মেলায় আসা ব্যবসায়ীরা দ্বিধা ধন্দে ভুগছেন৷ তারা ভালো করে জানেন গরীব অংশের মানুষের হাতে টাকা না থাকলে মেলা যে জমবে না৷ নেই রেগা আর টুয়েপের গরিমা৷ রাজ্যের ঠিকাদাররা এ সময়ে পাচ্ছে না টাকা৷ ঠিকাদারদের অধীনে থাকা শ্রমিকরাও হাত গুটিয়ে বসে আছে৷ তাই চৈত্র মেলা কতটুকু ছন্দে ফিরবে তাই নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা৷ রাজধানীতে চৈত্র মেলা উতরে গেলেও মফস্বলে চৈত্র মেলা অনেকটা যে নিষ্প্রাণ হবে তা বলা যেতে পারে৷ কেননা, প্রকৃতির নিয়মে এবার চৈত্র মেলা এলেও নির্বাচনের তোড়ে যেন এ মেলার নির্যাসটুকু হারিয়ে গেছে৷ তাই তো চৈত্র মেলাকে ঘিরে সাত রঙা রঙধনুর ছটা যেন ফিকে মনে হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top