নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে রোগী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। আর এই নির্দেশ ঘিরেই প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের পরিজনরা।
রোগী ও পরিজনদের বক্তব্য, চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে মোবাইল ফোন বর্তমানে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। রোগীর নাম নথিভুক্ত করা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্য পাওয়া, প্রয়োজনীয় যোগাযোগ এবং পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে কথা বলার জন্য মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁদের প্রশ্ন, হাসপাতালে এসে যদি মোবাইল ফোন সঙ্গে রাখা বা ব্যবহার করার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকে, তাহলে জরুরি প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ কীভাবে করা হবে? বিশেষ করে দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনদের ক্ষেত্রে এই নির্দেশ কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে, জিবি হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশ ঘিরে আলোচনা শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণ ও এর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার উদ্যোগে উদ্বোধন হওয়া ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’ নিয়েও প্রশ্ন উঠছে। উদ্বোধনের পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও ওই পরিষেবা চালু হয়নি বলে অভিযোগ। ফলে হাসপাতাল চত্বরে রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে তৈরি করা এই পরিষেবা কবে থেকে পুরোপুরি চালু হবে, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে মোবাইল ব্যবহারের নতুন নির্দেশ এবং ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’ চালু না হওয়ার অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি।
























