আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান এলাকায়। মৃত শিশুর নাম আকাশ তাঁতি। সে ওই এলাকার বাসিন্দা বিজয় তাঁতির সন্তান।
পরিবারের দাবি, কিছুদিন আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকাকালীন অন্য এক শিশুর ধাক্কায় আকাশ আহত হয়। অভিভাবকদের অভিযোগ, ঘটনাটি দেখার পরও ধাক্কা দেওয়া শিশুটির মা-বাবা বিষয়টি আকাশের পরিবারের সদস্যদের জানাননি।
পরবর্তীতে অন্য শিশুদের কাছ থেকে তাঁরা ঘটনার কথা জানতে পারেন বলে দাবি পরিবারের। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে অভিযোগ তাঁদের। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।
অবশেষে রবিবার আকাশ তাঁতি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিন বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিক কী ঘটেছিল এবং শিশুটির মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে অপর শিশুর অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, তা সংশ্লিষ্ট তদন্তের পরই স্পষ্ট হবে।
———
























