নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার পুলিশ, আসাম রাইফেলস এবং ডিআরআই আগরতলার যৌথ অভিযানে একটি ১২ চাকার ট্রাক থেকে প্রায় ৫০ কেজি ওজনের আনুমানিক ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আসাম থেকে আগরতলাগামী ট্রাকটি অগ্নিপাশা এলাকায় জাতীয় সড়কের নাকা পয়েন্টে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাক থেকে ২৫০টি প্যাকেটে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। ঘটনায় ট্রাক চালক রূপম ডেকা (১৮)-কে আটক করা হয়েছে। তিনি আসামের গুয়াহাটি এলাকার নোয়াগাঁওয়ের বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটি আসাম থেকে আগরতলার উদ্দেশে যাচ্ছিল। তবে মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাচারের পিছনে আন্তঃরাজ্য কোনো চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, চুরাইবাড়ি দিয়ে ত্রিপুরায় প্রবেশের পর অগ্নিপাশা নাকা পয়েন্টে বিপুল পরিমাণ মাদক কীভাবে ধরা পড়ল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে। আটক চালককে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের মূল হোতাদের সন্ধানের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।



















