News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও-র চেষ্টা টেট উত্তীর্ণদের, টাউন হলের সামনে পুলিশি বাধা
Image

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও-র চেষ্টা টেট উত্তীর্ণদের, টাউন হলের সামনে পুলিশি বাধা

আগরতলা, ২৯ আগস্ট: একত্রে শিক্ষক পদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার পথে আজ পুলিশি বাধার মুখে পড়লেন ২০২৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আগরতলার টাউন হলের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে তাঁরা শিক্ষক নিয়োগের দাবিতে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে একাধিকবার ডেপুটেশন ও আন্দোলন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের দাবির বিষয়ে কোনও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া হয়নি।

আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট রয়েছে এবং বহু পদ শূন্য পড়ে রয়েছে। তা সত্ত্বেও টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে এত দীর্ঘসূত্রিতা কেন, সেই প্রশ্ন তোলেন তাঁরা। এক আন্দোলনকারী বলেন, রাজ্যে শিক্ষক পদ শূন্য রয়েছে, স্কুলগুলিতে শিক্ষক সংকট রয়েছে। তাহলে দুই বছর পেরিয়ে যাওয়ার পরও আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন?

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সর্বশেষ টেট পরীক্ষায় প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। যাচাই প্রক্রিয়ার পর ১ হাজার ৮৫৬ জন প্রার্থী অবশিষ্ট রয়েছেন। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় অনেক প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

তাঁদের অভিযোগ, ইতিমধ্যেই প্রায় ২০ থেকে ২৫ জন প্রার্থীর বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। আরও বেশ কয়েকজন প্রার্থীর বয়সসীমা পূর্ণ হতে মাত্র এক মাসের মতো সময় বাকি রয়েছে। ফলে নিয়োগে বিলম্ব হলে তাঁরা সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

টেট উত্তীর্ণদের বক্তব্য, তাঁরা পরীক্ষার মানদণ্ড বা নম্বরের ক্ষেত্রে কোনও ছাড় দাবি করছেন না। কঠিন টেট পরীক্ষা এবং পরবর্তী যাচাই প্রক্রিয়ায় সফল হওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিই তাঁরা জানাচ্ছেন।

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় তাঁদের জীবিকাতেও প্রভাব পড়ছে বলে জানান আন্দোলনকারীরা। অনেকেই নিয়োগের আশায় এতদিন ব্যক্তিগত টিউশন করে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু বর্তমানে টিউশনের কাজ পাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে তাঁদের অভিযোগ।

মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, নিজেদের ন্যায্য দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর আগেই তাঁদের আটকে দেওয়া হচ্ছে।

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি রাজ্যে শিক্ষক সংকট ও বেকারত্ব মোকাবিলায় নিয়মিত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ২০২৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা।

Releated Posts

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৩

তেলিয়ামুড়া, ২৯ আগস্ট: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। শনিবার সকালে ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top