আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে থাকছে জল। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে উজান পাথালিয়া ঘাট এলাকার বাসিন্দা থেকে শুরু করে যানবাহন চালকদের। রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।
জম্পুইজলা মহকুমার শেষ প্রান্তে অবস্থিত উজান পাথালিয়া ঘাট এলাকার এই রাস্তাটি বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারে ১১ নম্বর টিএসআর ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের সামনে জাতীয় সড়ক থেকে শুরু হয়ে পাথালিয়া ঘাট, উজান পাথালিয়া ঘাট হয়ে গুনিরাইবাড়ি পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার সময় গর্তগুলিতে জল জমে রাস্তা কার্যত পুকুরের চেহারা নিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে বাইক, সাইকেল, অটো থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছে। বেহাল রাস্তার কারণে ইতিমধ্যেই একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি তাঁদের। আহত হয়েছেন বহু মানুষ। পথচারীদেরও রাস্তা দিয়ে চলাচলের সময় পায়ে ও কোমরে ব্যথা পাওয়ার মতো সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ।
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার গর্ত ও কাদাজলের কারণে ছাত্রছাত্রীদের জুতো হাতে নিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে। বাজার-হাটে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। একইভাবে কৃষকরাও তাঁদের উৎপাদিত ফসল বিশ্রামগঞ্জ বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ।
বেহাল রাস্তার কারণে অটোচালকদেরও বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে। তাঁদের দাবি, রাস্তার খারাপ অবস্থার কারণে অটোর বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে প্রায় এক সপ্তাহ পরপর গাড়ির মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার সমস্যার কথা জম্পুইজলা ব্লক প্রশাসন এবং টাকারজলা পিডব্লিউডি অফিসে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।
এলাকাবাসীর আরও অভিযোগ, ভোটের পর এলাকার নতুন এমডিসি বুদ্ধকুমার দেববর্মাকে আর তেমনভাবে এলাকায় দেখা যাচ্ছে না। ফলে নিজেদের সমস্যার কথা তাঁর কাছে সরাসরি তুলে ধরার সুযোগও পাচ্ছেন না তাঁরা।
স্থানীয়দের একাংশের অভিযোগ, সমতল এলাকায় রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও পাহাড়ি এলাকায় সেই তুলনায় উন্নয়নের গতি অনেকটাই কম। এর ফলে পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে সামনে ভিলেজ কমিটির নির্বাচন। তার আগে উজান পাথালিয়া ঘাটের রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার অটোচালক ও সাধারণ নাগরিকরা। তাঁদের আবেদন, রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন যেন দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।
এলাকার কয়েকজন বয়স্ক নাগরিক জানিয়েছেন, নির্বাচনের সময় নেতারা ভোট চাইতে এলাকায় এলে এবার তাঁদের প্রথম দাবিই হবে রাস্তা সংস্কার। যদিও প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিতে তাঁরা অনিচ্ছুক। তাঁদের আশঙ্কা, প্রকাশ্যে অভিযোগ করলে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে। তাই পরিচয় প্রকাশ না করার শর্তে সংবাদ প্রতিনিধির কাছে তাঁরা নিজেদের ক্ষোভের কথা জানান।



















