কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল স্থানীয় যুবকরা। লালজুরি এলাকার জনকল্যাণ ক্লাবের সদস্য ও স্থানীয় যুবকদের তৎপরতায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়।
জানা গেছে, বেআইনি মদ বোঝাই গাড়িটি জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে কাঞ্চনপুরের দিকে দ্রুতগতিতে আসছিল। সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকরা গাড়িটির গতিরোধ করে। পরে খবর দেওয়া হয় লালজুরি ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে লালজুরি ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫ হাজার ৭টি বিলাতি মদের বোতল উদ্ধার করে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মদের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
ঘটনার খবর পেয়ে লালজুরি ফাঁড়িতে পৌঁছান কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বেআইনি মদ বোঝাই গাড়ি আটকের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় যুবকদের ধন্যবাদ জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।



















