আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ মাস ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বৃষ্টি হলে বৃষ্টির জল সংগ্রহ করে পান করতে হচ্ছে তাঁদের। আর বৃষ্টি না হলে সেই জলটুকুও জোটে না।
অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগলেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ীভাবে জলের ব্যবস্থা করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দৈনিক মাত্র ৫০০ টাকা মজুরি পেয়ে সংসার চালাতে হয় তাঁদের। অথচ এক ড্রাম জল কিনতেই খরচ হচ্ছে প্রায় ৫০ টাকা। একটি পরিবারের দৈনিক প্রয়োজন অনুযায়ী প্রায় পাঁচ ড্রাম জল কিনতে হলে শুধু পানীয় ও ব্যবহারের জলের জন্যই খরচ হয়ে যাচ্ছে প্রায় ২৫০ টাকা।
ফলে দিনভর পরিশ্রম করে উপার্জন করা ৫০০ টাকার অর্ধেকই চলে যাচ্ছে জল কিনতে। বাকি ২৫০ টাকা দিয়ে স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক সময় পর্যাপ্ত খাবার জোটে না বলেও জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, পানীয় জলের সমস্যা নিয়ে একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। ফলে দিনের পর দিন চরম কষ্টের মধ্যেই জীবনযাপন করতে হচ্ছে গিরিবাসীদের।
এই পরিস্থিতিতে এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জিতেন দেববর্মাকে আথুক তুথাং এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সরেজমিনে দেখার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ীভাবে এই সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তাঁরা।
পানীয় জলের চরম সংকট নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগী বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বৃষ্টির জলের উপর নির্ভর করে আর কতদিন জীবন কাটাতে হবে, সেই প্রশ্নের উত্তর এখন প্রশাসনের কাছেই।



















