মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের পরিজনরা। সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার আশায় মেলাঘর হাসপাতালে ছুটে এলেও হাসপাতাল চত্বরে পৌঁছানোর পরই শুরু হচ্ছে নতুন ভোগান্তি। দীর্ঘদিন ধরে তালাবন্ধ পাবলিক টয়লেট এবং দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ পানীয় জলের মেশিন নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
মেলাঘর হাসপাতালে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য রোগী ও তাঁদের স্বজন চিকিৎসার জন্য আসেন। কিন্তু হাসপাতাল চত্বরে প্রবেশ করতেই তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে জরুরি প্রয়োজনে শৌচাগার ব্যবহার করতে না পেরে রোগী ও পরিজনদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।
অভিযোগ, মেলাঘর পৌরসভার উদ্যোগে নির্মিত পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে আসা সাধারণ মানুষ ন্যূনতম শৌচাগার পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।
শুধু শৌচাগার নয়, হাসপাতাল চত্বরে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবাও কার্যত অচল হয়ে রয়েছে বলে অভিযোগ। জল জীবন মিশনের অধীনে হাসপাতাল চত্বরে বসানো হয়েছিল আধুনিক ওয়াটার এটিএম মেশিন। সামান্য অর্থের বিনিময়ে রোগী ও সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পেতে পারেন, সেই উদ্দেশ্যেই মেশিনটি স্থাপন করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে সেটি বন্ধ।
দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মেশিনটিতে ধুলোবালি জমে কার্যত অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের বাইরে থেকে পানীয় জল কিনে নিতে হচ্ছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্ন শৌচাগার ও বিশুদ্ধ পানীয় জল ন্যূনতম পরিষেবার অন্তর্ভুক্ত হলেও মেলাঘর হাসপাতালে দীর্ঘদিন ধরে এই দুই পরিষেবাই অচল থাকার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে তালাবন্ধ পাবলিক টয়লেট খুলে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওয়াটার এটিএম মেশিনটি মেরামত করে চালু করতে হবে। রোগী ও সাধারণ মানুষের স্বার্থে হাসপাতাল চত্বরে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে দ্রুত পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
























