সাব্রুম, ১৮ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত দক্ষিণ ভুরাতলী গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায় ১৪ বছরের এক বিশেষ ক্ষমতাসম্পন্ন জনজাতি কিশোরীকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে ৫০ বছরের বেশি বয়সি এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছে মনুবাজার থানার পুলিশ।
পরিবারের অভিযোগ, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন দুপুরের আগে বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় মহিলারাও সরব হন।
অভিযোগের পর স্থানীয় গ্রাম প্রধান এবং এলাকার মহিলাদের সহায়তায় কিশোরীকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে পুলিশি পদক্ষেপের জন্য মনুবাজার থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত জহরলাল দেবনাথকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের পাশাপাশি মেডিকেল রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















