বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য রক্ষা পায় পুরো অফিস ভবন এবং এড়ানো যায় বড় ধরনের ক্ষয়ক্ষতি।
জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে সিএমও কার্যালয় প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। মুহূর্তের মধ্যেই সবাই নিরাপদে অফিস ভবন থেকে বেরিয়ে আসেন। পরে দেখা যায়, অফিসের জেনারেটরে দাউদাউ করে আগুন জ্বলছে।
পরিস্থিতি সামাল দিতে অফিস কর্মীরা দ্রুত জল এনে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালান। পাশাপাশি জেনারেটরের পাশেই থাকা যানবাহনগুলোও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে।
খবর পেয়ে বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের তৎপরতা এবং অফিস কর্মীদের তাৎক্ষণিক উদ্যোগের ফলে আগুন মূল ভবনে ছড়িয়ে পড়েনি। তবে জেনারেটরটি সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন আগেই জেনারেটরটি মেরামত করা হয়েছিল। শুক্রবার কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে জেনারেটরটি চালু করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে অফিসের অন্য কোনও কর্মীও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন জেনারেটরটি একাধিকবার বিকল হওয়ার পর বারবার মেরামত করা হয়েছিল। সম্প্রতি উল্লেখযোগ্য অর্থ ব্যয় করে সেটি সারাই করা হলেও কী কারণে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবং কেন সম্পূর্ণ জেনারেটরটি পুড়ে গেল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের দাবি উঠেছে। পাশাপাশি জেনারেটরের রক্ষণাবেক্ষণ ও মেরামতের মান নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।
























